ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মানবাধিকার ও চিন্তার স্বাধীনতার জন্য ইউরোপীয় ইউনিয়নের ‘শাখারভ পুরস্কার’ পেলেন দুই ইরানি নাগরিক।
তাদের একজন কারাবন্দি মানবাধিকার আইনজীবী নাসরিন সোতোদেহ (৪৯), আরেকজন হলেন চলচ্চিত্রকার জাফর পানাহি (৫২)।
শুক্রবার ব্রাসেলসে এ পুরস্কার ঘোষণা করা হয়। এই পুরস্কারের অর্থমূল্য ৫০,০০০ ইউরো।
ইউরোপীয় পার্লামেন্ট বলেছে, নিজের এবং অন্যদের মৌলিক মানবাধিকার রক্ষায় সাহসী ভূমিকার স্বীকৃতিস্বরূপ নাসরিন ও জাফরকে যৌথভাবে এ বছরের শাখারভ পুরস্কারে ভূষিত করা হলো।
সরকারের বিরুদ্ধে ‘প্রচারণা চালানোর’ সন্দেহে ও রাষ্ট্রীয় নিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় ২০১০ সালের সেপ্টেম্বরে আইনজীবী নাসরিনকে গ্রেপ্তার করে ইরানি কর্তৃপক্ষ। তিনি এখন ৬ বছরের কারাদ- ভোগ করছেন।
২০০৯ সালের জুনের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর তিনি সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের পক্ষে লড়েন। যাদের মধ্যে রয়েছেন- নোবেল বিজয়ী শিরিন এবাদি ও জাহরা বাহরামি। মাদক পাচারের অভিযোগে জাহরাকে ২০১১ সালের জানুয়ারিতে ফাঁসি দেওয়া হয়।
চলচ্চিত্র পরিচালক জাফর পানাহি ইরানের জীবনযাত্রা নিয়ে নির্মিত তার মানবতাবাদী চলচ্চিত্রের জন্য বিশেষভাবে পরিচিত। ২০১০ সালে ইরানি কর্তৃপক্ষ তাকে গৃহবন্দি করে এবং ২০ বছরের জন্য তার ছবি বানানো নিষিদ্ধ করা হয়।
প্রয়াত সোভিয়েত বিজ্ঞানী ও ভিন্নমতাবলম্বী আন্দ্রে শাখারভের সম্মানে এ পুরস্কার প্রবর্তিত হয়। ১৯৮৮ সাল থেকে প্রতি বছর ইউরোপীয় পার্লামেন্ট এ পুরস্কার দিয়ে আসছে।
রুশ পাঙ্ক গ্রুপ ‘পুসি রায়ট’ এ বছর মনোনয়ন পেয়েছিল। এছাড়া মনোনয়ন পায় বেলারুশের মানবাধিকার কর্মী আলেস বেলিয়াতস্কি।
ইউরোপীয় পালামেন্টের প্রেসিডেন্ট মার্টিন শুলজ পুরস্কার ঘোষণার সময় বলেন, “এই পুরস্কার ঐক্যের এক বার্তা এবং একজন নারী ও পুরুষের অবদানের স্বীকৃতি যারা শাসক গোষ্ঠীর ভয়-ভীতি প্রদর্শনের কাছে নতি স্বীকার করেননি, এবং যারা তদের দেশের ভাগ্যকে সর্বাগ্রে স্থান দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।”
এর আগে এ পুরস্কার পান দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা, রুশ লেখক ও ভিন্নমতাবলম্বী আনাতোলি মারচেনকো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/১৭৪২ঘ.
bdnews24