নাসাউ, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্যারিবীয় অঞ্চলে ২১ জনের মৃত্যু ঘটিয়ে বাহামার ওপর দিয়ে যুক্তরাষ্ট্রে ধেয়ে যাচ্ছে হারিকেন স্যান্ডি।
মধ্য আটলান্টিকের ক্যারিবীয় সাগরে সৃষ্ট এ ঘূর্ণিঝড় শুক্রবার সকালে বাহামায় আঘাত হেনেছে। এর আগে জ্যামাইকা, হাইতি এবং কিউবায় স্যান্ডির তা-বে ২১ জনের মৃত্যু হয়েছে। এখন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ধেয়ে যাচ্ছে ঝড়টি।
যুক্তরাষ্ট্রের পূর্ব তীর এলাকায় ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া এ সপ্তাহের শেষদিকে এ এলাকায় আরেকটি ঝড়ের আশঙ্কা রয়েছে বলে আবহাওয়ার বিভিন্ন পূর্বাভাসে জানানো হয়েছে।
ক্যারিবিয়ানের দক্ষিণপূর্বাঞ্চলের দ্বীপদেশ বাহামায় স্যান্ডির আঘাতে বেশির ভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং বাড়িঘরের ছাদ উড়ে যায়।
স্যান্ডির প্রভাবে প্রবল বাতদাস ও বৃষ্টিপাতে ক্যারিবীয় অঞ্চলে মানুষজন নিহত হওয়ার খবর পাওয়া যায়।
বৃহস্পতিবার রাতে কিউবা সরকার জানায়, স্যান্ডির আঘাতে সান্তিয়াগো ও গুয়ানতানামো প্রদেশে গাছ ও বিধ্বস্ত বাড়িঘরের নিচে চাপা পড়ে ১১ জন নিহত হয়েছে।
হাইতিতে ঘূর্ণিঝড়টি সরাসরি আঘাত না করলেও দেশটির নয়জন নাগরিক নিহত হওয়ার কথা জানিয়েছে দেশটির জননিরাপত্তা দপ্তর। জামাইকাতে ঝড়ের সময় পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথর চাপা পড়ে একজন নিহত হয়।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যেও স্যান্ডির প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয় এবং প্রচ- বাতাস বয়ে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় ঘূর্ণিঝড় পূর্বাভাস কেন্দ্র জানায়, বাহামার দক্ষিণপূর্বের গ্রেট আবাকো আইল্যান্ডের ৫৫ মাইল উত্তরে ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার।
শুক্রবার ঝড়টি বাহামার আশেপাশেই অবস্থান করবে বলে মনে করা হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় এটি যুক্তরাষ্ট্রের পূর্ব তীরের দিকে সরে যেতে পারে।
যুক্তরাষ্ট্রে আবহাওয়া পূর্বাভাসকেন্দ্র বলছে, ঘূর্ণিঝড়টি ফ্লোরিডাসহ পূর্ব উপকূল সংলগ্ন এলাকাগুলোতে আঘাত হানতে পারে।
বৃহস্পতিবার বিকেল থেকেই ওই অঞ্চলে আকস্মিক জলোচ্ছ্বাস, ভারী বৃষ্টিপাতসহ তীব্র ঝড়ো হাওয়া বইছে।
বৃহস্পতিবার সকালে ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে কিউবার স্যান্টিয়াগো শহরসহ বেশ কয়েকটি শহরে আঘাত হনে স্যান্ডি। তার আগে পেরিয়ে আসে ক্যারিবীয় দেশ জ্যামাইকা।
যুক্তরাষ্ট্রের আবহাওয়াবিদরা পূর্বাভাস দিয়েছেন, ক্যারোলিনা থেকে নিউ ইয়র্ক পর্যন্ত উপকূলীয় এলাকা ঘূর্ণিঝড় স্যান্ডির ঝুঁকিতে রয়েছে।
ওদিকে, হোয়াইট হাউজের মুখপাত্র জয় কার্নি বলেছেন, প্রেসিডেন্ট বারাক ওবামা এই ঘূর্ণিঝড় সম্পর্কে অবগত। সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৬৪২ ঘ.
bdnews24