জেরুজালেম, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিনের গাজা থেকে ইসরায়েলের দিকে উল্লেখযোগ্য সংখ্যক রকেট হামলা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।
এদিকে ইসরায়েলের বিমান হামলায় একজন ফিলিস্তিনি নিহত হওয়ার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।
গাজায় কাতারের আমির সফর করার একদিনের পরেই বুধবার এ হামলার ঘটনা ঘটলো।
অন্তত ৭৯টি রকেট ও মর্টার হামলার কথা জানিয়েছে ইসরায়েল। এ হামলার পাল্টা জবাব দিতেই বিমান হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটি।
বুধবার বিমান হামলায় একজন হামাস সদস্য নিহত হয়। এর আগে মঙ্গলবারও বিমান হামলায় তিন হামাস সদস্য নিহত হয়।
ইসরায়েলে রকেট ও মর্টার হামলাগুলোর মধ্যে কয়েকটির দায়িত্ব স্বীকার করেছে ফিলিস্তিনের বিদ্রোহী গোষ্ঠী হামাস। তবে কাতারের আমির শেখ হামাদ বিন খালিফা আল-থানির সফরের পর গাজায় ইসরায়েলের বিমান হামলা আরো বেড়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।
সাম্প্রতিক সময়ে হামাস রকেট হামলা বেশ কমিয়ে আনলেও ফিলিস্তিনের অন্যান্য বিদ্রোহী সশস্ত্র দলগুলো ইসরায়েলের সীমানার ভেতরে রকেট হামলা বাড়িয়ে দিয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ কাতারের আমিরের গাজা সফরে বিস্ময় প্রকাশ করেছে ইসরায়েল কর্তৃপক্ষ। পশ্চিমা বিশ্বে ‘জঙ্গি সংগঠন’ হিসেবে পরিচিত হামাসকে কাতারের সমর্থন দেয়াতেও বিস্ময় প্রকাশ করেছে দেশটি।
গাজায় হামাস ক্ষমতা গ্রহণের পর এই প্রথম কোনো রাষ্ট্্রপ্রধানের সফর ছিলো এটি।
২০০৭ সালে পশ্চিমা সমর্থিত মাহমুদ আব্বাস প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই গাজা উপত্যকায় অস্ত্রবিরতিতে রয়েছে তার সমর্থক হামাসের ‘ফাত্তাহ’ অংশের বিদ্রোহীরা।
গাজায় কাতারের আমিরের সফরকে পশ্চিমা বিশ্বের সঙ্গে হামাসের সেতুবন্ধন সৃষ্টি এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান অস্থিরতা নিরসনে পশ্চিমা উদ্যোগে ফিলিস্তিনকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।
মিশর একটি শান্তিচুক্তির জন্য মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে বলেও জানিয়েছেন ফিলিস্তিনি এক কর্মকর্তা। তবে এ ব্যাপারে ইসরায়েলের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
২০০৮ সালে গাজা উপত্যকা দখলে ইসরায়েলের তিন সপ্তাহব্যপী অভিযানে বিপুল সংখ্যক ফিলিস্তিনি নিহত হলে পশ্চিমা বিশ্বে ব্যাপকভাবে সমালোচিত হয় ইসরায়েল।
ইসরায়েলের প্রতি কঠোর মনোভাব অব্যাহত রাখলেও প্রত্যক্ষ সংঘাত এড়িয়ে চলছে হামাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৩০০ ঘ.
bdnews24