মস্কো/লন্ডন, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উইকিলিকস এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে ইকুয়েডর। চিকিৎসার জন্য অ্যাসাঞ্জকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলে তাকে নিরাপদে যাওয়ার সুযোগ দিতে যুক্তরাজ্যের কাছে আবেদন করেছে দেশটি।
বুধবার মস্কোতে ইকুয়েডরের উপপররাষ্ট্রমন্ত্রী মার্কো আলবুজা মার্টিনেজ একথা বলেছেন।
গত জুন থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নিয়ে আছেন অ্যাসাঞ্জ। সুইডেনে অ্যাসাঞ্জের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ ও যৌন হয়রানি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে সেখানে পাঠাতে চায় যুক্তরাজ্য। কিন্তু অ্যাসাঞ্জের ধারণা তাকে সেখানে পাঠানো হলে সুইডেন তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে।
উইকিলিকস ওয়েবসাইটে যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন গোয়েন্দা নথি ফাঁস করে দিয়ে দেশটির বিরাগভাজন হয়ে আছেন অ্যাসাঞ্জ। তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হতে পারে আর এর দায়ে তার মৃত্যুদণ্ডও হতে পারে বলে আশঙ্কা করেন অ্যাসাঞ্জ।
অ্যাসাঞ্জের ধারণার সঙ্গে সহমত পোষণ করে ইকুয়েডর তাকে আশ্রয় দিয়েছে। কিন্তু লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেওয়া অ্যাসাঞ্জ দূতাবাস থেকে বের হলেই তাকে গ্রেপ্তার করার হুমকি দিয়েছে যুক্তরাজ্য। ইকুয়েডর দূতাবাসের চারপাশে সর্বক্ষণ পুলিশ মোতায়েন করে রেখেছে যুক্তরাজ্য কর্তৃপক্ষ।
মার্টিনেজের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে ভয়েস অব রাশিয়া রেডিও জানিয়েছে, “অ্যাসাঞ্জ বেশ শুকিয়ে গেছেন, তাই আমরা তার স্বাস্থ্য নিয়ে অত্যন্ত উদ্বেগের মধ্যে আছি।”
“তিনি যদি অসুস্থ হয়ে পড়েন, আমাদের সামনে দুটি বিকল্প খোলা থাকবে : দূতাবাসের ভিতরেই অ্যাসাঞ্জের চিকিৎসার ব্যবস্থা করা অথবা হাসপাতালে নেওয়া। এটি অত্যন্ত কঠিন পরিস্থিতি আর এতে অ্যাসাঞ্জের মানবাধিকার ক্ষুণœ হতে পারে।”
উপপররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য নিশ্চিত করেছে মস্কোর ইকুয়েডর দূতাবাস।
বুধবার রাতে ইকুয়েডরের রাজধানী কুইটোতে পররাষ্ট্রমন্ত্রী রিকার্ডো প্যাটিনো বলেছেন, অ্যাসাঞ্জের কোনো শারীরিক সমস্যা আছে কিনা তা তার জানা নেই, তবে সময়ের বাড়ার সঙ্গে সঙ্গে তিনি অ্যাসাঞ্জের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ছেন।
তিনি জানিয়েছেন, দরকার হলে অ্যাসাঞ্জকে যেন জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা যায় সেজন্য যুক্তরাজ্যের কাছে ওই সময়ের জন্য অ্যাসাঞ্জকে ‘শরণার্থী ঘোষণা’ করার আবেদন জানিয়েছেন তারা।
এই ঘোষণা মঞ্জুর করা হলে হাসপাতালে আনা- নেওয়ার সময় অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করতে পারবে না যুক্তরাজ্য পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২২৭ ঘ.
bdnews24