২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে ফের সাম্প্রদায়িক সহিংসতা, কারফিউ

রোহিঙ্গা ও রাখাইন সম্প্রদায়ের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলে রাখাইন অধ্যুষিত দুটি শহরে রাত্রিকালীন কারফিউ জারি করেছে দেশটির সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2012, 04:59 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

ইয়াঙ্গুন, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রোহিঙ্গা ও রাখাইন সম্প্রদায়ের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলে রাখাইন অধ্যুষিত দুটি শহরে রাত্রিকালীন কারফিউ জারি করেছে দেশটির সরকার। মিয়ানমারের কর্মকর্তারা বুধবার জানিয়েছেন, রোববার থেকে শুরু হওয়া সহিংসতায় দুই ব্যক্তি নিহত ও অন্তত আট জন আহত হয়েছেন। পুড়িয়ে দেয়া হয়েছে সহস্রাধিক ঘর-বাড়ি। অবশ্য স্থানীয় সূত্রগুলো বলছে, হতাহতের সংখ্যা আরো বেশি। রাখাইন প্রদেশের সরকারি মুখপাত্র লা থিয়েন জানান, মিনবায়া ও ম্রউক শহরে সোমবার থেকে কারফিউ জারি করা হয়েছে। এ দুটি শহরে সশস্ত্র পুলিশ নামানো হয়েছে বলেও স্থানীয় অধিবাসী জানিয়েছেন। গত জুনে বৌদ্ধ রাখাইন ও মুসলিম রোহিঙ্গাদের মধ্যে জাতিগত দাঙ্গায় অন্তত ৮০ জনের মৃত্যু হয়। ২০১১ সালে প্রেসিডেন্ট থিয়েন সিয়েন বেসামরিক সরকারের দায়িত্ব গ্রহণ করার পর রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের পদক্ষেপ গ্রহণ করে আন্তর্জাতিক পর্যায়ে একটি ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠা করার চেষ্টার সময় ওই ঘটনা নতুন করে প্রশ্নের জন্ম দেয়। জুনের সংঘাতের পর বিপুল সংখ্যক রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করলেও বাংলাদেশ সরকার তাদের আশ্রয় দিতে অস্বীকার করে। দুই দশক আগে বাংলাদেশে আশ্রয় নেয়া ৮ লাখেরও বেশি রোহিঙ্গা বর্তমানে কক্সবাজার জেলায় মানবেতর জীবনযাপন করছে। মিয়ানমারের বৌদ্ধ নাগরিকদের একটি বড় অংশ মুসলিম রৌহিঙ্গাদের অবৈধ অভিবাসী বলে মনে করে। এমন কি গণতন্ত্রের জন্য লড়াই করে শান্তিতে নোবেলজয়ী অং সান সু চিও এ সমস্যা নিয়ে কখনোই কোনো স্পষ্ট অবস্থান নেননি। নতুন করে হামলা-সংঘর্ষ শুরুর পর ম্রউক শহরের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মায়া থিয়েন বুধবার টেলিফোনে রয়টার্সকে বলেন, “শহরের আশপাশের গ্রামগুলোতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে বলে আমার মনে হয় না।” এদিকে মেয়াই বোনে শহরেও সমস্যা দেখা দিয়েছে বলে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন। এর আগের দুই দফা সাম্প্রদায়িক সহিংসতার কারণও ধোঁয়াশাপূর্ণ। মে মাসে এক বৌদ্ধ নারীকে ধর্ষণ ও খুনের ঘটনার পর মুসলিম রোহিঙ্গাদের দায়ী করে শুরু হয় হামলা-সহিংসতা। এরপর জুনে তীব্র সাম্প্রদায়িক সংঘাত বাঁধে। থিয়েন শেনের সরকার দেশটিতে স্বায়ত্বশাসনের দাবিতে লড়াইরত অধিকাংশ আদিবাসী ও গোত্রগত সংঘর্ষ সমঝোতার ভিত্তিতে থামাতে পারলেও রোহিঙ্গা সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেয়নি। অন্যদিকে মিয়ানমারের পার্লামেন্টে বিরোধী দলীয় নেতা অং সান সু চি রাজধানী নাইপেতাও এ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, রাখাইন প্রদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হযনি বলেই এ ধরনের ঘটনা ঘটছে। তবে কীভাবে এ সমস্যার সমাধান করা যায়- তা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। আন্তর্জাতিক সংস্থা অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) চলতি মাসে মিয়ানমারের রোহিঙ্গাদের সাহায্য করার জন্য কার্যক্রম শুরু করতে চাইলে মিয়ানমারের বৌদ্ধ সন্ন্যাসীদের নেতৃত্বে তা প্রতিহত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/জেকে/১০৫৫ ঘ.