২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কফিন ঘিরে বিলাপের মধ্যেই হাজির ‘মৃত’ ব্যক্তি

যার লাশের কফিন মনে করে পরিবারের সদস্যদের শোক ও বিলাপ চলছিল সেই ব্যক্তিই হাজির হন শোকার্তদের মাঝে। এতে আতঙ্কে সেখান থেকে সটকে পড়েন অনেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2012, 08:13 AM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ব্রাসিলিয়া, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যার লাশের কফিন মনে করে পরিবারের সদস্যদের শোক ও বিলাপ চলছিল সেই ব্যক্তিই হাজির হন শোকার্তদের মাঝে। এতে আতঙ্কে সেখান থেকে সটকে পড়েন অনেকে। ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলের বাহিয়া স্টেটের আলাগোইনহাস শহরে এ ঘটনা ঘটেছে বলে মঙ্গলবার স্থানীয় সংবাদ ওয়েবসাইট ও গ্লোবো জানায়। আলাগোইনহাসের একটি বাড়িতে গিলবার্তো আরাউজোকে (৪১) মনে করে আরেক জনের লাশের কফিন ঘিরে শোক করেন তার পরিবারের সদস্যরা। আরাউজো গাড়ি ধোয়ামোছার কাজ করেন। গিলবার্তোর ভাই হোসে মার্কোস আরাউজো বলেন, মর্গে তিনি ভাইকে মনে করে অন্য একজনের লাশ সনাক্ত করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত চার মাস ধরে ভাইয়ের সঙ্গে তার দেখা হয়নি। তিনি জানান, গাড়ি ধোয়ামোছার কাজে নিয়োজিত এক ব্যক্তি নিহত হয়েছেন শুনে তিনি মর্গে ছুটে যান। গিলবার্তোর মতই দেখতে একজনের লাশ পেয়ে তা নিয়ে বাড়ি ফেরেন। এ বিষয়ে গিলবার্তো আরাউজো বলেন, বাড়ি ফেরার পথে পরিচিত এক ব্যক্তি তাকে জানায় যে, তার কফিনের পাশে বিলাপ করছে তার পরিবারের সদস্যরা। “এক বন্ধু আমাকে বলেন, বাড়িতে একটি কফিন রাখা হয়েছে এবং তার ভিতরে আমার লাশ।” “তখন আমি বললাম, কিন্তু আমি তো জীবিত। আমাকে ধরে দেখো!” তিনি জানান, কফিনের পাশে দাঁড়ানো এক বন্ধুকে তিনি ডাকার চেষ্টা করলে সে বিষয়টিকে ভ্রান্তি মনে করে পাত্তা না দেয়ায় তিনি নিজেই সেখানে উপস্থিত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএ/এএইচ/১৪০৬ ঘ.