সিরিয়ার বিদ্রোহীর বাহিনীর নতুন নেতা ইদরিস
প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে অবস্থান নেয়া সেনা কর্মকর্তাদের একজন ছিলেন ইদরিস। সিরিয়ার হোমস শহরের এ সেনা কর্মকর্তা মূলতঃ সুন্নি মুসলিমদের আসাদবিরোধী আন্দোলনের পুরোভাগে ছিলেন।
নিজেদের নতুন নেতা নির্বাচিত করেছে সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদবিরোধী বিদ্রোহী দলগুলো।
তুরস্কভিত্তিক সিরিয়ার বিদ্রোহী দলগুলোর সমন্বয়ে নবগঠিত যৌথ কমান্ডের নতুন প্রধান নির্বাচিত হয়েছেন ব্রিগেডিয়ার সেলিম ইদরিস।
পশ্চিমা দেশগুলোর আহ্বানে আসাদ সরকারের বিরোধী দলগুলো এবং তার সমর্থক বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে থাকা বিদ্রোহীদের সমন্বয়ে একটি কার্যকর বিরোধী দল গঠনের উদ্দেশ্যে নেয়া পদক্ষেপের অংশ এটি।
শনিবার বিরোধী দলের সূত্রগুলো জানায়, তুরস্কের আন্তালিয়া শহরে পশ্চিমা ও আরব দেশগুলোর নিরাপত্তা কর্মকর্তাদের উপস্থিতিতে যৌথ কমান্ডের ৩০ জন সামরিক ও বেসামরিক সদস্যের ভোটে নতুন প্রধান নির্বাচিত হন সেলিম ইদরিস।
প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে অবস্থান নেয়া সেনা কর্মকর্তাদের একজন ছিলেন ইদরিস। সিরিয়ার হোমস শহরের এ সেনা কর্মকর্তা মূলতঃ সুন্নি মুসলিমদের আসাদবিরোধী আন্দোলনের পুরোভাগে ছিলেন।
নতুন যৌথ কমান্ডের অনেক সদস্যেরই ইসলামি দল মুসলিম ব্রাদারহুড ও সালাফিস্টদের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে। তবে প্রেসিডেন্ট আসাদের বিরোধিতা করা বেশিরভাগ সামরিক কর্মকর্তাকেই এ কমান্ডে অন্তর্ভুক্ত করা হয়নি।
এদিকে গত শনিবার রাজধানী দামেস্কে বিদ্রোহীদের দখলে চলে যাওয়া উপশহরের কিছু এলাকা লক্ষ করে রকেট হামলা চালায় আসাদ বাহিনী। বিদ্রোহী বাহিনী শুক্রবার দামেস্কের বিমান বন্দরের কাছাকাছি এলাকায় পৌঁছে গিয়েছে বলে দাবি করে বিদ্রোহী বাহিনী।
এছাড়া গত মাসে দামেস্কের কাছাকাছি বিভিন্ন সেনাঘাঁটিতে হামলা চালায় বিদ্রোহীরা। বর্তমানে দামেস্কের উত্তরপূর্ব দিকের হারাস্তা উপশহরের আদরাত আল মারকাবাত ঘাঁটি ঘিরে তারা নিজেদের অবস্থান ধরে রেখেছে বলে বিদ্রোহী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়।
বিদ্রোহী বাহিনীর প্রতিনিধি আবু গাজি বলেন, ‘শনিবার ঘাঁটির একটি অস্ত্রভাণ্ডার ও একটি ট্যাঙ্ক মেরামত কারখানা দখল করে নেয়া হয়। তবে কারাখানার ভিতরে পাওয়া ২০টি ট্যাঙ্কের সবগুলোই অচল।’
বিদ্রোহী বাহিনীর উপরে পাল্টা রকেট ও বিমান হামলা তিনদিন ধরে অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
