কুয়েত, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী ১ ডিসেম্বর সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে কুয়েতের মন্ত্রীসভা। তারিখ ঘোষণার পরপরই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে প্রধান বিরোধী দল।
নির্বাচন পদ্ধতিতে কিছু সংস্কার এনে শনিবার নির্বাচনের তারিখ ঘোষণা করে মন্ত্রীসভা।
দেশটির রাষ্ট্রিয় গণমাধ্যমে প্রকাশিত একটি বিবৃতিতে জানানো হয়, প্রতিটি নির্বাচনী এলাকা থেকে একজন প্রার্থীকে নির্বাচনের বিধান রেখে নির্বাচন পদ্ধতিতে সংস্কার আনা হয়েছে। এর আগে প্রতিটি নির্বাচনী এলাকা থেকে চারজন প্রার্থীকে নির্বাচিত করতে পারতো ভোটারা।
নির্বাচনী আইনের পরিবর্তনকে “সংবিধানে অবৈধ হস্তক্ষেপ” বলে বর্ণনা করেছে বিরোধী দল।
বিরোধী রাজনৈতিক নেতা আহমেদ আল দাইয়ান জানিয়েছেন, নির্বাচনী আইন পরিবর্তনের প্রতিবাদে রোববার বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন তারা।
শুক্রবার কুয়েতের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে নির্বাচন পদ্ধতির ‘দুর্বলতা’ দূর করার জন্য নির্বাচন পদ্ধতির আংশিক পরিবর্তনের নির্দেশ দিয়েছিলেন দেশটির শাসক আমির শেখ সাবা আল আহমেদ আল সাবা।
আমিরের এই আদেশের প্রতিবাদে তখনই নির্বাচন বর্জনের হুমকি দিয়েছিল বিরোধীদলগুলো।
কুয়েতে ক্ষমতাসীন সাবা পরিবার ও সংসদের মধ্যে গত কয়েকমাস ধরে বিরোধ চলছে। কুয়েতে সরকার ও মন্ত্রী সভায় রাজ পরিবারের প্রাধান্য থাকলেও সংসদে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে ইসলামপন্থী রাজনৈতিক দল ও ক্ষুদ্র জাতিগোষ্ঠির নেতাদের।
রাজনৈতিক অচলাবস্থা নিরসনের আশায় জাতীয় নির্বাচনের লক্ষ্যে আমীর আল সাবাহ গত ৭ অক্টোবর সংসদ ভেঙ্গে দেন। ওই সময় থেকেই ডিসেম্বরের মাঝামাঝি নির্বাচনের তারিখ দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছিল।
তেল সমৃদ্ধ এই দেশটিতে ২০০৬ সালের পর এটি ষষ্ঠ বারের মত সংসদ ভেঙ্গে দেয়ার ঘটনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএ/এবি/১৪৩৩ ঘ.
bdnews24