২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবানদের খপ্পরে আফগানিস্তানের বামিয়ান

তালেবানদের খপ্পরে পড়ে সহিংসতায় অশান্ত হয়ে উঠছে আফগানিস্তানের সবচেয়ে নিরাপদ প্রদেশ বামিয়ান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2012, 12:11 PM

Updated : 24 Aug 2022, 12:20 PM

বামিয়ান, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তালেবানদের খপ্পরে পড়ে সহিংসতায় অশান্ত হয়ে উঠছে আফগানিস্তানের সবচেয়ে নিরাপদ প্রদেশ বামিয়ান। প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে অবস্থিত হওয়ার কারণে এ প্রদেশটি এতদিন আফগানিস্তানের সবচেয়ে নিরাপদ স্থান হিসাবেই বিবেচিত ছিল। কিন্তু ইসলামি জঙ্গি, বিদ্রোহীদের বিরুদ্ধে ন্যাটো নেতৃত্বাধীন যুদ্ধের ১১ বছর পর এখন এর উত্তাপ ছড়াচ্ছে শান্ত প্রদেশ বামিয়ানেও। রাস্তার ধারে পেতে রাখা বোমা এবং বিদেশি ও স্থানীয় নিরাপত্তা বাহিনীর ওপর হামলায় অশান্ত হয়ে উঠছে প্রদেশটি। অগাস্টে এ এলাকায় নিহত হয়েছে নিউজিল্যান্ডের ৫ সেনা। স্থানীয় লোকজনরা বলছে, বামিয়ানে বিদ্রোহীরা এতটাই শক্তিশালী হয়ে জাঁকিয়ে বসেছে যে, প্রদেশটি কার্যত সব দিক দিয়েই সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কেবল আকাশপথেই প্রদেশটিতে নিরাপদে পৌঁছানো যায়। কিন্তু বামিয়ান থেকে বেরোনোর জন্য কোনো ফ্লাইট না থাকায় আল্লাহর ওপর ভরসা করে সড়কপথেই যাতায়াত করতে হয় বলে জানিয়েছেন প্রদেশটির গভর্নর আজিম ফরিদ। বর্তমানে তিনি কাবুলে আশ্রয় নিয়ে আছেন। তবে ন্যাটোর দাবি, বামিয়ানে সহিংসতা বাড়লেও তা গোটা আফগানিস্তানে জঙ্গি তৎপরতার তুলনায় এখনো অনেক কম। আফগানিস্তানজুড়ে জঙ্গি সহিংসতার তুলনায় বামিয়ানে সহিংসতার মাত্রা মাত্র ০ দশমিক ৬ শতাংশ, বলেছেন ন্যাটো জোটের মুখপাত্র। জুলাইয়ে আফগানিস্তানে সহিংসতা বাড়তে খাকার আগ পর্যন্ত বামিয়ানের নিরাপত্তায় সফলই ছিল ন্যাটো। ২০১১ সালে প্রথম এ প্রদেশটিরই নিরাপত্তাভার ন্যাটো হস্তান্তর করে আফগান বাহিনীর কাছে। এরপর নিরাপদ, শান্ত এ প্রদেশে নতুন করে পর্যটন সমাগমের আশাও জেগে ওঠে। গত শীত মৌসুমে প্রদেশটিতে আন্তর্জাতিক একটি স্কি প্রতিযোগিতারও আয়োজন করা হয়। কিন্তু এরই মধ্যে পাল্টে গেছে বামিয়ানের চিত্র। স্থানীয় অধিবাসীরা এখন অস্ত্র নিয়ে চলাফেরার চেষ্টা করছে। তালেবানদের দৌরাত্ম মোকাবেলায় যথাসাধ্য প্রস্তুতি নিয়ে রাখারই চেষ্টা করছে তারা। সরকারের নিরাপত্তা ব্যবস্থার প্রতি তারা ভরসা করতে পারছে না। কারণ সরকার এ পর্যন্ত তাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। বামিয়ানের নিরাপত্তাভার আফগান বাহিনীর হাতে হস্তান্তরের সময় সরকার প্রদেশটিতে অনেক বেশি পুলিশ, গোয়েন্দা ও সেনা পাঠানোর প্রতিশ্র“তি দিয়েছিল। কিন্তু দেশের দক্ষিণ এবং পূর্বাঞ্চলে তালেবানবিরোধী অভিযানে আফগান বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন থাকায় বামিয়ানে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা আর করা হয়ে ওঠেনি। বরং উল্টো বামিয়ান থেকে কমানো হয়েছে পুলিশের সংখ্যা। আর এ কারণেই আশেপাশের প্রদেশগুলো থেকে বামিয়ানে ঢুকেছে তালেবানরা। শুরু করেছে তাণ্ডব। সরকার সমর্থকদের ওপর চলছে তালেবানদের নিপীড়ন, পশ্চিমা-টি শার্ট পরার কারণে শিরচ্ছেদ এর শিকার হচ্ছে অনেকেই। অবনতি ঘটছে সার্বিক পরিস্থিতির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮০৬ঘ.