২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌথ নেতৃত্বে সম্মত সিরিয়ার বিদ্রোহীরা

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে উচ্ছেদের জন্য লড়াইরত বিদ্রোহীরা যৌথ নেতৃত্বের বিষয়ে একমত হয়েছেন। ১৯ মাস ধরে চলা এই লড়াই-বিদ্রোহে বিদ্রোহীদের কয়েকটি পক্ষ আলাদা আলাদা ভাবে লড়াই করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2012, 07:59 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

বৈরুত, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে উচ্ছেদের জন্য লড়াইরত বিদ্রোহীরা যৌথ নেতৃত্বের বিষয়ে একমত হয়েছেন। ১৯ মাস ধরে চলা এই লড়াই-বিদ্রোহে বিদ্রোহীদের কয়েকটি পক্ষ আলাদা আলাদা ভাবে লড়াই করছে। মঙ্গলবার বিদ্রোহীদের দু’টি পক্ষের বরাত দিয়ে এ খবর জানা গেছে। একত্রিত হওয়ার জন্য বিদেশি সমর্থকদের চাপের মুখে বিদ্রোহীরা এ সিদ্ধান্ত নিল। এ সিদ্ধান্তের ফলে বিদেশি সমর্থকরা তাদের আরও উন্নতমানের অস্ত্রশস্ত্র সরবরাহ করবে বলে আশা করছে বিদ্রোহীরা। বিদ্রোহীদের এক সূত্র জানিয়েছে, “যৌথ নেতৃত্বের বিষয়ে সমঝোতা হয়েছে, এখন শুধু সই করা বাকী। বিদেশি সমর্থকরা আমাদের বলেছে, ‘তোমরা একতাবদ্ধ হও, আধুনিক অস্ত্রশস্ত্র দেওয়ার জন্য আমাদের একটি পরিষ্কার ও সক্ষম বাহিনী দরকার’।” ওই সূত্র আরো জানায়, কাতার ও তুরস্কের উদ্যোগে বিদ্রোহীদের মধ্যে এ সমঝোতা হয়েছে। চলতি মাসেই সমঝোতার ঘোষণা দেওয়া হতে পারে বলে জানান তিনি। আসাদবিরোধী সশস্ত্র যোদ্ধাদের একত্র করার এটি সর্বশেষ প্রচেষ্টা। এর আগেও কয়েকবার এ ধরনের উদ্যোগ নেওয়া হয়। তবে তা সফল হয়নি। বিদ্রোহী যোদ্ধাদের অধিকাংশই নামমাত্র ফ্রি সিরিয়ান আর্মির ব্যানারে লড়াই করছে। প্রকৃতপক্ষে অধিকাংশ বিদ্রোহীই ছোট ছোট দলে বিভক্ত এবং প্রায়ই স্বাধীনভাবে সরকারী বাহিনীর বিরুদ্ধে হামলা পরিচালনা করে। নিজেদের মধ্যে গভীর অনৈক্য থাকায় অপেক্ষকৃত দুর্বলতর প্রতিপক্ষ হয়ে আছে তারা। সরকার বিরোধী সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল আগামী ৪ নভেম্বর কাতারে সরকার বিরোধীদের ঐক্যবদ্ধ করার জন্য সম্মেলনের ডাক দিয়েছে। বিদ্রোহীরা জানিয়েছে, ১৯ মাস ধরে চলা সরকারবিরোধী লড়াই-বিদ্রোহে ৩০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে ও কয়েক লাখ মানুষ প্রতিবেশী দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৫৫ ঘ.