ইসলামাবাদ, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশংসা ও তালেবানের বিরুদ্ধে কথা বলে পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাই মৃত্যুদণ্ডতুল্য অপরাধ করেছেন বলে দাবী করেছে পাকিস্তানি তালেবান।
মঙ্গলবার এক বিবৃতিতে এ দাবী জানিয়েছে ওই জঙ্গি সংগঠনটি। মালালাকে ‘পশ্চিমের চর’ বলে অভিহিত করেছে তারা।
তালেবান তাদের বিবৃতিতে জানায়, “গোয়েন্দাগিরির জন্য কাফের তার অপরাধের শাস্তি পেয়েছে। শত্রুদের পক্ষে যারা গোয়েন্দাগিরি করে ইসলাম তাদের হত্যা করার আদেশ দিয়েছে।”
“সে তালেবানের সুনাম নষ্ট করার জন্য পবিত্র যোদ্ধাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছে। কোরানে বলা হয়েছে, যারা ইসলাম ও ইসলামি বাহিনীর বিরুদ্ধে প্রচারণা চালায় তাদের হত্যা করতে হবে।”
“তাকে নিশানা বানানোর কারণ সে লজ্জাহীন অপরিচিত শত্রুদের সঙ্গে বসে তালেবানের বিরুদ্ধে কথা বলেছে এবং ইসলামের সবচেয়ে বড় শত্রু বারাক ওবামাকে আর্দশ হিসেবে তুলে ধরেছে।”
“শিক্ষার জন্য উচ্চকণ্ঠ হওয়ায় আমরা তার ওপর হামলা করিনি। পবিত্র যোদ্ধাদের ও তাদের যুদ্ধের বিরোধিতা করায় আমরা তাকে নিশানা করেছি। ইসলামি আইনে বলা হয়েছে, কোনো শিশুও যদি ইসলামের বিরুদ্ধতা করে তবে তাকে হত্যা করা যেতে পারে,” বলে তালেবান তাদের বিবৃতিতে দাবি করে।
তালেবান জঙ্গিদের হামলায় মাথায় গুলিবিদ্ধ মালালা এখন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।
১৪ বছরের কিশোরী মালালাকে উন্নত চিকিৎসার জন্য সোমবার যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়েছে। মালালার সেরে ওঠার ভাল সম্ভাবনা আছে বলে সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন।
পাকিস্তানের সোয়াত উপত্যকায় মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ করে তালেবান নির্দেশ জারি করলে এর বিরুদ্ধাচরণ করে মালালা। সে নারী শিক্ষার বিষয়ে সরব হয়ে ওঠে ও প্রচারণা চালায়।
এতে ক্ষুব্ধ তালেবান গত সপ্তাহে স্কুল থেকে ফেরার পথে স্কুলবাসে হামলা চালিয়ে মালালার মাথায় গুলি করে। এ হামলার প্রতিক্রিয়ায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে।
হামলার পরদিন পাকিস্তানি চিকিৎসকরা তিনঘণ্টা অস্ত্রোপচারের মাধ্যমে মালালার মেরুদণ্ড শীর্ষের কাছ থেকে একটি বুলেট বের করে। তার এখন অস্ত্রোপচারপরবর্তী নিবিড় পরিচর্যার প্রয়োজন। সেজন্য তাকে যুক্তরাজ্যের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাকিস্তানি কর্তৃপক্ষ জানিয়েছে হামলার সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে তারা গ্রেপ্তার করেছে। তবে বিস্তারিত কিছু জানায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২০৫ ঘ.
bdnews24