২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আঘাত সামলে উঠবে মালালা’

তালেবানের গুলিতে আহত পাকিস্তানি কিশোরী মালালা ইফসুফজাই আঘাত সামলে উঠতে পারবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্যের চিকিৎসকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2012, 05:50 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

লন্ডন, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তালেবানের গুলিতে আহত পাকিস্তানি কিশোরী মালালা ইফসুফজাই আঘাত সামলে উঠতে পারবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্যের চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য সোমবার তাকে যুক্তরাজ্যের কুইন এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। গত মঙ্গলবার পাকিস্তানের সোয়াত উপত্যকায় তালেবান হামলাকারীদের গুলির আঘাতে মারাত্মক আহত হয় ১৪ বছরের এই প্রতিবাদী কিশোরী। তার মাথায় গুলি লেগেছে। সোয়াত উপত্যকায় মেয়েদের স্কুলে যাওয়ার উপর তালেবান নিষেধাজ্ঞা আরোপ করলে এর বিরুদ্ধে প্রচারাভিযান চালায় অসমসাহসী এই কিশোরী। বামিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে মাথায় আঘাতপ্রাপ্তদের চিকিৎসার জন্য একটি বিশেষ ট্রমা ইউনিট আছে। আফগানিস্তানে মাথায় আঘাতপ্রাপ্ত কয়েকশ’ সেনাকে এখানে চিকিৎসা দিয়ে সুস্থ্য করা হয়েছে। বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে বিশেষ চিকিৎসার জন্য মালালাকে এখানেই ভর্তি করা হয়েছে। মালালার চিকিৎসা ও সুস্থ্য হয়ে ওঠার জন্য একমাসের মতো সময় লাগতে পারে জানিয়ে হাসপাতালের চিকিৎসা বিষয়ক প্রধান ডা. ডেভ রজার বলেন, “মালালার সম্পূর্ণ সুস্থ্য হয়ে ওঠার ভালো সম্ভবনা রয়েছে বলে মনে করেন চিকিৎসকরা।” তিনি জানান, সেরে ওঠার সম্ভাবনা না থাকলে তাকে যুক্তরাজ্যে নেওয়া হতো না। সোমবারই মালালার মাথার স্ক্যান করার কথা ছিল। রজার জানান, এরপর থেকে মালালার অনুমতি ছাড়া তার চিকিৎসা বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করা হবে না। গত বুধবার হামলার পরদিন পাকিস্তানি চিকিৎসকরা তিন ঘণ্টা অস্ত্রোপচার চালিয়ে মালালার শরীর থেকে বুলেট বের করা হয়। কিন্তু এখন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে নিবিড় পরিচর্যা দরকার তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১৪৮ ঘ.