২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনীতির নোবেল দুই মার্কিন অধ্যাপকের

অর্থনীতির ভিন্ন ভিন্ন উপাদানের মধ্যে সম্পর্ক খোঁজার তত্ত্ব ও ব্যবহারিক প্রয়োগের জন্য অলভিন রোথ ও লয়েড শ্যাপলেকে এ সম্মানে ভূষিত করেছে সুইডিশ একাডেমি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2012, 11:52 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ বছর অর্থনীতিতে নোবেল পাচ্ছেন যুক্তরাষ্ট্রের অলভিন ই রোথ ও লয়েড শ্যাপলে যারা অর্থনীতির ভিন্ন ভিন্ন উপাদানের মধ্যে সম্পর্ক খোঁজার তত্ত্ব ও ব্যবহারিক প্রয়োগের ওপর গবেষণা করেছেন। দি রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স সোমবার ‘স্থিতিশীল বরাদ্দ ও বাজার ব্যবস্থাপনার চর্চা তত্ত্ব’ -এর জন্য মার্কিন দুই অধ্যাপককে এ সম্মানে ভূষিত করে। রোথ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এবং শ্যাপলে লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক। কীভাবে অর্থনীতির ভিন্ন ভিন্ন উপাদানকে এক সূত্রে গাঁথা যায় তা নিয়ে কাজ করেছেন রথ ও শ্যাপলে। শ্যাপলে ‘কো-অপারেটিভ গেম থিওরি’ ব্যবহার করে বাজারের দুই পক্ষের মধ্যে বিভিন্ন উপায়ে সংযোগ নিয়ে গবেষণা করেছেন। তিনি দেখিয়েছেন, কোনো পদ্ধতির বিশেষায়িত নকশা কিভাবে বাজারের দুই পক্ষকেই উপকৃত করতে পারে। শ্যাপলের তত্ত্বের ওপর ভিত্তি করে রথ ব্যবহারিকভাবে দেখিয়েছেন কীভাবে স্থিতিশীলতা বাজারের নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের সাফল্যের ওপর প্রভাব রাখে। একজন শিক্ষার্থীর সঙ্গে সম্পর্ক শিক্ষা প্রতিষ্ঠানের। অঙ্গ দাতার সঙ্গে সম্পর্ক থাকবে অঙ্গ প্রতিস্থাপনের জন্য অপেক্ষায় থাকা রোগীর। এই সম্পর্ক স্থাপনের কাজটি কীভাবে যতটা সম্ভব কার্যকরভাবে করা যায়? কোন পদ্ধতি কোন ক্ষেত্রে বেশি কার্যকর? স্থিতিশীল বরাদ্দের বিমূর্ত তত্ত্ব দেয়া থেকে বাজার ব্যবস্থার ব্যবহারিক নকশা প্রণয়ন পর্যন্ত এসব প্রশ্নেরই উত্তর যুগিয়েছেন রথ আর শ্যাপলে। অর্থনীতির প্রকৌশলের এই অনন্য উদাহরনের জন্যই এ বছরের অর্থনীতির নোবেল পেলেন এই দুই মার্কিনি। পুরস্কারের অর্থমূল্য বাবদ ৮০ লাখ সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন তারা। আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে। দুই অধ্যাপক কিন্তু কাজ করেছেন আলাদা ভাবে। কিন্তু শ্যাপলের মূল তত্ত্ব আর রথের ব্যবহারিক প্রয়োগ, গবেষণা আর ব্যবহারিক নকশা প্রণয়ন অনেক গবেষণার ক্ষেত্র খুলে দেওয়ার পাশাপাশি অনেক বাজারের কার্যকারিতার উন্নয়ন করেছে। অর্থনীতির নোবেল পুরস্কার ঘোষণার মাধ্যমে শেষ হলো এ বছরের নোবেল মৌসুম। ঐক্যের মাধ্যমে শান্তি আনার চেষ্টার স্বীকৃতি হিসাবে এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সাহিত্যে নোবেল পেয়েছেন চীনের লেখক মো ইয়েন। এছাড়া চিকিৎসায় ব্রিটেনের জন বি গার্ডন ও জাপানের শিনিয়া ইয়ামানাকা; পদার্থবিদ্যায় ফ্রান্সের সার্জ হ্যারোশ ও যুক্তরাষ্ট্রের ডেভিড ওয়াইনল্যান্ড এবং রসায়নে মার্কিন গবেষক রবার্ট জে লেফকোইৎজ ও ব্রায়ান কে কোবিলকাকে নোবেল দেয়া হয়েছে এ বছর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এসইউ/১৮১৬ ঘ.