২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ার নতুন প্রধানমন্ত্রী আলি জিদান

মাত্র এক মাসের ব্যবধানে আবারো নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করলো লিবিয়ার জাতীয় পরিষদ। রোববার সাবেক কূটনীতিক আলি জিদানকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2012, 05:08 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

ত্রিপোলি, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাত্র এক মাসের ব্যবধানে আবারো নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করলো লিবিয়ার জাতীয় পরিষদ। রোববার সাবেক কূটনীতিক আলি জিদানকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করা হয়েছে। মুয়াম্মার গাদ্দাফির কঠোর সমালোচক সাবেক কূটনীতিক আলি জিদান ১৯৮০ দশকে লিবীয় সরকারের পক্ষ ত্যাগ করেছিলেন। এক সপ্তাহ আগে জাতীয় পরিষদের আস্থা ভোটে মুস্তাফা আবু শাহগুর প্রধানমন্ত্রিত্ব পদ হারান। এরপর পরিষদ দেশটির সরকারে নেতৃত্ব দেওয়ার জন্য জিদানকেই বেছে নেয়। এই মহূর্তে লিবিয়ার একজন দক্ষ প্রধানমন্ত্রী খুব দরকার, যিনি দেশটির পুনর্গঠনকে গুরুত্ব দেবেন এবং যুদ্ধে বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতৃত্ব দেবেন। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর সংবাদ সম্মেলনে জিদান বলেন, লিবিয়ায় নিরাপত্তা পুনস্থাপন করার ওপর তিনি গুরুত্ব দেবেন। তিনি বলেন, “নিরাপত্তাকেই আমি সর্বোচ্চ গুরুত্ব দেব। কারণ নিরাপত্তাজনিত কারণেই লিবিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার জরুরি সরকার ব্যবস্থার মতো করে এই সমস্যা সমাধানে উদ্যোগ নেবে।” লিবিয়ার নেতৃত্বে থাকা বর্তমান ক্ষমতাসীন জোট সমর্থিত জিদান ইসলামপন্থী মুসলিম ব্রাদার হুডের দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে প্রস্তুত। তিনি ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, “ইসলাম আমাদের বিশ্বাসজাত পন্থা এবং যেকোনো আইনের উৎস। আর তাই শরিয়াবিরুদ্ধ যেকোনো কিছুই প্রত্যাখ্যান করা হবে।” মুয়াম্মার গাদ্দাফি তার শাসনামলে লিবিয়াকে প্রায় ধর্মনিরপেক্ষ ব্যবস্থার অধীনে রেখেছিলেন। কিন্তু ইসলামপন্থী ও আরো উদার ধর্মনিরপেক্ষ শক্তির মিলিত বিরোধিতায় ক্ষমতাচ্যুত হন ও নিহত হন গাদ্দাফি। কিন্তু গৃহযুদ্ধোত্তর উত্তর আফ্রিকার এই দেশটিতে গোত্রগত ও আঞ্চলিক বিভেদ চরম আকার ধারণ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১০০ ঘ.