ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়া প্রশ্নে রাশিয়া নৈতিক দেউলিয়াত্বের পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।
তুরস্ক সম্প্রতি সিরিয়ার একটি যাত্রীবাহী বিমান আটক করে। ওই বিমান থেকে সামরিক সরঞ্জাম জব্দের পর সেটি ছেড়ে দেয়া হয় বলে তুরস্ক সরকারের পক্ষ থেকে বলা হয়। বিমানটি রাশিয়ার রাজধানী মস্কো থেকে সিরিয়ায় যাচ্ছিল।
এ বিষয়ে শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলেন, রাশিয়া এখনো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারকে বিদ্রোহী দমনে ব্যবহারযোগ্য সরঞ্জাম সরবরাহ করায় তারা উদ্বিগ্ন। শনিবার বিবিসির এক খবরে একথা বলা হয়েছে।
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড সিরিয়ার বিমান থেকে জব্দ করা সরঞ্জাম সম্পর্কে বলেন, “এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই যে, ওইগুলো গুরুতর সামরিক সরঞ্জাম ছিল।”
গত বুধবার দামেস্কগামী সিরিয়ার ওই যাত্রীবাহী বিমান আটকায় তুরস্কের যুদ্ধবিমান। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য ওই বিমানে গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম নেয়া হচ্ছিল বলে দাবি করে তারা।
তবে এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বলেছেন, আন্তর্জাতিক আইন মেনেই ওই বিমানে সিরিয়ার জন্য রুশ রাডার যন্ত্রাংশ নেয়া হচ্ছিল।
বিমান আটকানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করে সিরিয়া বলেছে, এটা দসুত্যার শামিল।
এ ঘটনায় রাশিয়াও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলেছে, তুরস্কের পদক্ষেপে বিমানে থাকা রুশ নাগরিকদের জীবন হুমকির মধ্যে পড়েছিল।
ওই বিমানে যে সব সরঞ্জাম নেয়া হচ্ছিল তা বৈধ ছিল বলে যুক্তরাষ্ট্রও স্বীকার করেছে। কিন্তু রাশিয়া ও চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বাশার আল আসাদ সরকারের ওপর অস্ত্রসহ যে কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা এবং পরবর্তীতে দামেস্কে রাশিয়ার ‘সামরিক সরঞ্জাম’ পাঠানোর সমালোচনা করে তারা।
নুল্যান্ড বলেন, “নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া ও চীন বাধা দেয়ায় সিরিয়ার ওপর নিরাপত্তা পরিষদের কোনো নিষেধাজ্ঞা নেই।”
“সামরিক সরঞ্জামের ওই চালান আইনি দিক থেকে বৈধ। তবে এ নীতি নৈতিক দেউলিয়াত্বের পরিচায়ক,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৮৪৮ ঘ.
bdnews24