২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা হিলারির

মিয়ানমারের ওপর থেকে আমদানি নিষেধাজ্ঞা শিথিল করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 09:02 AM

Updated : 24 Aug 2022, 12:13 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারের ওপর থেকে আমদানি নিষেধাজ্ঞা শিথিল করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। পণ্য আমদানি নিষেধাজ্ঞা মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার অন্যতম প্রধান ইস্যু বলে বিবিসি জানিয়েছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আসা মিয়ানমারের প্রেসিডেন্ট থিয়েন শিয়েনের সঙ্গে বৈঠকে হিলারি ক্লিনটন এ ঘোষণা দেন। হিলারি বলেন, মিয়ানমারে অব্যাহত সংস্কার পদক্ষেপের স্বীকৃতি এই নিষেধাজ্ঞা শিথিলকরণ। সাবেক শীর্ষ জেনারেল মিয়ানমারের বর্তমান প্রেসিডেন্ট থিয়েন শেন ২০১০ সালের নভেম্বরে সাধারণ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনায় বেসামরিক সরকারের নেতৃত্বে আসেন। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ অভিবেশনে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। তার শাসন পরিচালনায় দেশটির অনেক রাজবন্দি মুক্তি পেয়েছেন। নানা ক্ষেত্রে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞাও শিথিল করা হয়েছে। এর আগে মিয়ানমারের পার্লামেন্টের স্পিকার শোয়ে মান বিবিসিকে বলেন, মিয়ানমারের সংস্কার প্রক্রিয়া অব্যাহত থাকবে। শোয়ে মান মিয়ানমারের একজন ক্ষমতাবান রাজনৈতিক ব্যক্তিত্ব। তার ওপরও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ছিল। স¤প্রতি ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। শোয়ে মান বলেন, সরকার মিয়ানমারে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও বাজার অর্থনীতির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচিও বর্তমানে এই রাজনৈতিক অগ্রগতির অংশ। বর্তমানে দেশটির পার্লামেন্টে তিনি বিরোধী দলের নেতৃত্ব দিচ্ছেন। চলতি মাসের প্রথম দিকে সুচি যুক্তরাষ্ট্র সফর করেন। সফরকালে তিনি যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেশনাল মেডাল গ্রহণ করেন। ওই সম্মাননা গ্রহণ অনুষ্ঠানে তিনি মিয়ানমারের ওপর থাকা নিষেধাজ্ঞা শিথিল করতে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৫৭ ঘ.