ত্রিপোলি, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার ক্ষমতাসীন জাতীয় পরিষদ দেশটির প্রধানমন্ত্রীকে আগামী ৮ অক্টোবরের মধ্যে মন্ত্রিসভা ঘোষণা করার সময় বেধে দিয়েছে। এই সময়ের মধ্যে মন্ত্রিসভা গঠন করতে না পারলে প্রধানমন্ত্রীকে অপসারণ করা হতে পারে।
বুধবার জাতীয় পরিষদ এই হুমকি দেয়।
জাতীয় পরিষদের মুখপাত্র ওমর হোমাইদান সাংবাদিকদের বলেন, মুস্তাফা আবু শাহঘুর প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করে অনুমোদন নেওয়ার কথা।
কিন্তু তিনি আরো সময় চাওয়ায় সেই সময় বাড়িয়ে তাকে ওই সময়ের মধ্যে মন্ত্রিসভা গঠনের আল্টিমেটাম দেওয়া হয়েছে।
সেপ্টেম্বরের ১২ তারিখ লিবিয়ার নির্বাচিত অন্তর্র্বতীকালীন জাতীয় পরিষদ শাহঘুরকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করে। ২৮ সেপ্টেম্বরের মধ্যে তার মন্ত্রিসভা গঠন করে জাতীয় পরিষদের অনুমোদন নেওয়ার কথা থাকলেও তা করতে তিনি ব্যর্থ হয়েছেন।
মুখপাত্র ওমর হোমাইদান সাংবাদিকদের বলেন, “যদি তিনি নির্ধারিত সময়ের মধ্যে তার প্রস্তাবিত মন্ত্রিসভা উপস্থাপন করতে ব্যর্থ হন তবে আমরা তাকে পদত্যাগী ধরে নেব। এরপর নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের লক্ষ্যে ভোট গ্রহণ করবো।”
অন্যদিকে এই আল্টিমেটামের পরিপ্রেক্ষিতে শাহগুরের কার্যালয় থেকে রয়টার্সকে ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, তিনি নির্ধারিত সময়ের মধ্যেই মন্ত্রিসভা গঠন করবেন। তিনি একটি ‘যৌথ সরকার’ গঠনের লক্ষ্যে কাজ করছেন।
‘তিনি আগামী ৮ অক্টোবরের মধ্যেই নতুন মন্ত্রিসভা গঠন করবেন’, বলে বিবৃতিতে জানানো হয়।
বিবৃতিতে আরো জানানো হয়, “তিনি একটি জাতীয় ঐক্যমতের সরকার গঠন করতে চান। কিন্তু বিষয়টি এখনো জটিল পর্যায়ে রয়েছে। একটি কমিটি এক সপ্তাহ ধরে মন্ত্রিসভায় যোগদানে ইচ্ছুকদের আবেদনপত্র পর্যালোচনা করছে।”
আবু শাহঘুর জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নকে তার সরকার অগ্রাধিকার দেবে। লিবিয়ার বেনগাজিতে মার্কিন দূতাবাসে হামলায় মার্কিন রাষ্ট্রদূতসহ চারজন নিহত হওয়ার ঘটনার পর তিনি এ কথা বলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৩৪ ঘ.
bdnews24