নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মত প্রকাশের স্বাধীনতা নিয়ে ‘দুমুখো’ আচরণের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কঠোর সমালোচনা করেছেন সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।
গ্রেপ্তার ও দেশান্তর এড়াতে লন্ডনের ইকুয়েডর দূতাবাসের আশ্রয়ে থাকা অ্যাসাঞ্জ বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত এক জনাকীর্ণ অনুষ্ঠানে বলেন, মত প্রকাশের স্বাধীনতার পথ রুদ্ধ করার ক্ষেত্রে ওবামা আমেরিকার আগের সব প্রেসিডেন্টকে ছাড়িয়ে গেছেন। যে ওবামা আরব বিশ্বে মুক্ত মতের চর্চার পক্ষে কথা বলছেন, সেই তিনিই আবার উইকিলিকসের কণ্ঠরোধ করছেন।
“আরব গণজগরণের সময় আমেরিকার বানানো টিয়ারগ্যাসে চোখ কচলাতে কচলাতে মিশরের তরুণদের যখন শুনতে হলো যে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে পরিবর্তনের পক্ষে, তখন নিশ্চই তাদের বিষ্ময়ের একটা ধাক্কা লেগেছিল।”
“উইকিলসকে যুক্তরাষ্ট্রের হেনস্থা বন্ধ করার সময় এসেছে। আমাদের কর্মী আর আমাদের সংবাদদাতা সন্দেহে যাদের ওপর নিপীড়ন চালানো হচ্ছে, তাও বন্ধ করতে হবে”, বলেন অ্যাসাঞ্জ।
তার এই বিবৃতি জাতিসংঘে পৌঁছে দিতে অনুষ্ঠানটির আয়োজন করেছিল ইকুয়েডর মিশন। সেখানে ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী রিকার্ডো পাতিনো এবং উপস্থিত অন্যরা যা বললেন, তাতে উইকিলিকসের প্রতিষ্ঠাতাকে নিয়ে সৃষ্ট কূটনৈতিক অচলাবস্থার অবসানের কোনো আশা পাওয়া গেল না।
লন্ডনে ইকুয়েডর দূতাবাস ঘিরে থাকা ব্রিটিশ পুলিশ সাফ জানিয়ে দিয়েছে, ৪১ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক অ্যাসাঞ্জ ওই চৌহদ্দির বাইরে পা রাখলেই তাকে আটক করে সুইডেনে পাঠিয়ে দেয়া হবে। সেখানে যৌন নিপীড়নের অভিযোগে বিচারের মুখোমুখি হতে হবে তাকে।
অবশ্য অ্যাসাঞ্জের আইনজীবী ও ইকুয়েডর সরকারের বিশ্বাস, মার্কিন কূটনৈতিক তারবার্তা ফাঁস করে ওয়াশিংটনকে বিপাকে ফেলে দেয়া উইকিলিকস প্রধানকে ধরতে পারলে শেষ পর্যন্ত তাকে আমেরিকার হাতে তুলে দেয়া হবে। সেখানে হয়তো তাকে জেলখানায় পচতে হবে, এমনকি ইলেকট্রিক চেয়ারেও বসতে হতে পারে।
ইকুয়েডর দূতাবাসে একটি বইয়ের শেলফের সামনে বসে সাদা সার্ট পরিহিত অ্যাসাঞ্জ ক্যামেরার দিতে তাকিয়ে বলেন, তিনি ধরা দিলে তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হবে না- এমন কোনো প্রতিশ্রুতি দিতে এখনো রাজি হয়নি ব্রিটেন বা সুইডেন।
যদিও যুক্তরাষ্ট্র সরকার এখন পর্যন্ত অ্যাসাঞ্জের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনেনি, তাকে হস্তান্তরের কোনো আবেদনও যুক্তরাজ্য বা সুইডেনের কাছে করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১০৫০ ঘ.
bdnews24