২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দামেস্কের সামরিক সদরদপ্তরে বোমা হামলা

দামেস্কের কেন্দ্রস্থলে সামরিক বাহিনীর সদরদপ্তর ভবনে বুধবার দু’টি বোমা হামলা চালিয়েছে বিদ্রোহীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2012, 10:41 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

বৈরুত, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দামেস্কের কেন্দ্রস্থলে সামরিক বাহিনীর সদরদপ্তর ভবনে বুধবার দু’টি বোমা হামলা চালিয়েছে বিদ্রোহীরা। রাস্তার ধারে পেতে রাখা দুটি বোমা বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ওমরান জোয়াবি। তবে একটি বোমা সামরিক দপ্তর প্রাঙ্গণেও পাতা হয়ে থাকতে পারে বলে ধারণা প্রকাশ করেন তিনি। সামরিক সদরদপ্তরের মূল ভবন বোমা বিস্ফোরণে আগুন ধরে যেতে দেখার কথা জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। স্থানীয় অধিবাসীরাসহ রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, বিস্ফোরণ ঘটেছে দামেস্কের কেন্দ্রস্থলে উমায়াদ চত্বরে অবস্থিত জেনারেল স্টাফ কমান্ড বিল্ডিং এ। হতাহতের ঘটনা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। স্থানীয় সময় সকাল ৭ টার দিকে এ বিস্ফোরণের পর ঘটনাস্থলে গুলি ও অন্যান্য ছোটখাট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শোনা গেছে অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দও। রাজধানীর কেন্দ্রস্থলের রাস্তাগুলো বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছে অধিবাসীরা। সিরিয়ার সরকারবিরোধী বিদ্রোহী গোষ্ঠী ‘ফ্রি সিরিয়ান আর্মি’ এ হামলার দায় স্বীকার করেছে। তারা এ হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে বলে দাবি করেছে। তবে সিরিয়ার কর্মকর্তারা বলছেন, হামলায় কিছু ক্ষয়ক্ষতি ছাড়া হতাহতের কোনো ঘটনা ঘটেনি। দামেস্কে সামরিক বাহিনীর প্রাণকেন্দ্রে কয়েকমাসের মধ্যে এটিই সবচেয়ে বড় বোমা বিস্ফোরণের ঘটনা বলে জানিয়েছেন ওই এলাকার কাছে অবস্থানরত কূটনীতিকরা। একটি বোমা বিস্ফোরণের ৫/৬ মিনিট পর ২য় বোমা বিস্ফোরণ ঘটে। একটি বোমা জেনারেল স্টাফ কমান্ডের কাছে বিস্ফোরিত হয়েছে এবং এর কাছেই বিমান বাহিনীর গোয়েন্দা ভবনের ছাদে সেনারা অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন এক অধিবাসী। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনের বিরুদ্ধে গত ১৮ মাস ধরে দেশজুড়ে আন্দোলন-বিদ্রোহ চলছে। প্রথমে সরকার বিরোধী শান্তিপূর্ণ আন্দোলন শুরু হলেও সরকারী দমনপীড়নের মুখে আন্দোলন বিদ্রোহে রূপ নেয়। সরকারি দমনপীড়ন প্রতিরোধে শুরু হওয়া বিদ্রোহ এখন পূর্ণাঙ্গ গৃহযুদ্ধের রূপ নিয়ে তীব্র লড়াইয়ে পরিণত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬২৩ ঘ.