২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের সাবেক পুলিশ প্রধানের ১৫ বছরের জেল

চীনে কয়েকবছরের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক কেলেঙ্কারির হোতা সাবেক চংকিং পুলিশ প্রধান ওয়াং লিজুনকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 10:44 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

বেইজিং, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনে কয়েকবছরের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক কেলেঙ্কারির হোতা সাবেক চংকিং পুলিশ প্রধান ওয়াং লিজুনকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সিনহুয়ার প্রতিবেদনা বলা হয়েছে, “স্বপক্ষত্যাগ, আইনভঙ্গ করা, ক্ষমতার অপব্যবহার এবং ঘুষ গ্রহণের অভিযোগে লিজুনকে এ সাজা দেয়া হয়েছে।” গত ফেব্র“য়ারিতে লিজুন পালিয়ে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে আশ্রয় নিলে এ ঘটনাকে কেন্দ্র করে পতন ঘটে চংকিং প্রদেশের তৎকালীন কমিউনিস্ট পার্টি প্রধান ও শীর্ষ রাজনীতিবিদ বো জিলাইয়ের। এরপর অগাস্টে বো জিলাইয়ের স্ত্রী গু কাইলাই যুক্তরাজ্যের ব্যবসায়ী নেইল হেউডকে খুনের অভিযোগে অভিযুক্ত হন। দণ্ডপ্রাপ্ত লিজুন ওই ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ আছে। বো জিলাইয়ের আমলে চংকিং প্রদেশের পুলিশ প্রধান লিজুনের প্রতিটি অপরাধের জন্য আলাদা আলাদা মেয়াদের কারাদণ্ড মিলিয়ে মোট ২০ বছরের জেল হতে পারত। কিন্তু আইনজীবীরা তার সহযোগিতাকে ‘প্রশংসনীয় সেবা’ উল্লেখ করায় তাকে ১৫ বছরের সাজা দেয়া হয়েছে। রায়ে লিজুনের এ সেবার ব্যাপারে বলা হয়েছে, “তিনি অন্যদের বড় ধরনের আইনভঙ্গের ঘটনা এবং অপরাধ সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন।” তবে এই অন্য ব্যক্তিরা কারা সে সম্পর্কে এতে কিছু বলা হয়নি। আদালতের মুখপাত্র ইয়াং ইউকুয়ান সাংবাদিকদের বলেন, চারটি অভিযোগে লিজুনের ১৫ বছরের জেল হয়েছে এবং এক বছর তিনি রাজনৈতিক অধিকারবঞ্চিত থাকবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/১৬৩৩ঘ.