২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিরিয়ার রক্তপাত চোখ বুঁজে দেখছে বিশ্ব’

গৃহযুদ্ধ কবলিত সিরিয়ায় প্রতি সপ্তাহে হাজারেরও বেশি মানুষ নিহত হচ্ছে। অথচ এতো মানুষের মৃত্যু হওয়ার পরও তা রোধ করতে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছে না বিশ্ব স¤প্রদায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 07:29 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

বৈরুত, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গৃহযুদ্ধ কবলিত সিরিয়ায় প্রতি সপ্তাহে হাজারেরও বেশি মানুষ নিহত হচ্ছে। অথচ এতো মানুষের মৃত্যু হওয়ার পরও তা রোধ করতে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছে না বিশ্ব স¤প্রদায়। বিভিন্ন উৎস থেকে সংগৃহীত সিরিয়ার আন্দোলনকারীদের প্রতিবেদন অনুযায়ী নিহতের মধ্যে কেউ বিদ্রোহী, কেউ সরকার সমর্থক। তবে বেশিরভাগই বেসামরিক নাগরিক। সিরিয়ার আসাদ সরকারবিরোধী যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ দাবি করেছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী ১৮ মাসের আন্দোলন-বিদ্রোহে এ পর্যন্ত ২৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবারই নিহত হয়েছে ২৫০ জন। দক্ষিণ দামেস্কর ইয়ারমউক থেকে নিজেকে জ্যাকব পরিচয়দানকারী এক ব্যক্তি বলেন, “বিশ্ব স¤প্রদায় আমাদের দুর্ভোগে সাড়া দিচ্ছে না। কেউ আমাদের সাহায্য করবে এমন আশা আর করিনা আমরা।” ইয়ারমউকে প্রায়ই বোমাবর্ষণ করা হয় বলে অভিযোগ করছে স্থানীয়রা। মধ্যপ্রাচ্যের অন্যতম বড় ও শক্তিশালী সেনাবাহিনীর ক্রমবর্ধমান গোলাবর্ষণও প্রেসিডেন্ট আসাদের জন্য জয় এনে দিতে পারেনি। ইতিমধ্যেই তিনি তুরস্ক ও ইরাক সীমান্তবর্তী এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছেন, দেশের উত্তরাঞ্চল ও অধিকাংশ শহরের কোনো কোনো এলাকাও তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কিন্তু বিদ্রোহী হামলায় শীর্ষ চারজন সহযোগীর মৃত্যুও তার সামরিক আগ্রাসন বন্ধে তেমন কোনো প্রভাব রাখতে সক্ষম হয়নি। বিশেষ করে আকাশপথে তার প্রাধান্য প্রশ্নাতীত। শক্তি প্রয়োগে বিদ্রোহীরা তাকে ক্ষমতা থেকে সরাতে পারবে এ সম্ভাবনা ক্ষীণ। নিয়ন্ত্রণ হারানো এলাকাগুলোর ওপর আসাদ বাহিনীর প্রচণ্ড আকাশ হামলার কারণে প্রতিবেশি দেশগুলোতে সিরীয় শরণার্থীর নতুন ঢেউ শুরু হয়েছে। এর প্রতিক্রিয়ায় সিরিয়ার ভেতরে একটি ‘নিরাপদ এলাকা’ গড়ে তোলার ডাক দেয় তুরস্ক। কিন্তু তুরস্কের ডাকে কোনো দেশ সাড়া না দেওয়ায় এ আহ্বান দ্রুতই চাপা পড়ে যায়। আসাদের বিরোধী বিদ্রোহ প্রধানত সুন্নি নিয়ন্ত্রিত হওয়ায় অস্বস্থিবোধ করছে পশ্চিমা শক্তিগুলো। তার মধ্যে বিদ্রোহী বাহিনীগুলোর মধ্যে সুন্নি ইসলামপন্থী ও জেহাদি যোদ্ধারা থাকায় উদ্বিগ্ন হয়ে আছে তারা। জার্মানির আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা ইনিস্টিটিউটের প্রধান ভোলকার পার্থেস বলেন, “বিদ্রোহীদের সমর্থন করে কেউই আরেক আফগানিস্তান বানানোর ঝুঁকি নিতে চায় না, এই বিদ্রোহীরাই পরে জেহাদি হিসেবে আবির্ভূত হতে পারে।” বিভিন্ন কারণে পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোতেও সিরিয়ার বিদ্রোহীদের প্রতি তেমন জনসমর্থন তৈরি হয়নি। তাই তাদের সরকারগুলোও এ বিষয়ে কিছুটা ঢিলেঢালা মনোভাব নিয়ে আছে। আর জনগণের চাপে পশ্চিমা শক্তিগুলো আরো সক্রিয় হওয়ার উদ্যোগও সিরিয়ার গৃহযুদ্ধ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে এই আশঙ্কায় কার্যকর হচ্ছে না। আর সব কিছুর পর যুক্তরাষ্ট্র পরিষ্কার ভাষায় জানিয়েছে দিয়েছে, আসাদ রাসায়নিক অস্ত্র ব্যবহার না করলে তারা কোনো সামরিক পদক্ষেপের দিকে যাবে না। রাসায়নিক অস্ত্র ব্যবহারকে যুক্তরাষ্ট্র ‘লালসীমা’ অর্থাৎ ‘শেষসীমা’ হিসেবে চিহ্নিত করে এই সীমা অতিক্রম না করার জন্য আসাদকে সতর্ক করে দিয়েছে। এতে প্রচলিত অস্ত্রের যথেচ্ছ ব্যবহারের মাধ্যমে বিদ্রোহীদের দমন করার অবাধ স্বাধীনতা পেয়েছেন প্রেসিডেন্ট আসাদ। তিনি জেনে গেছেন রাসায়নিক অস্ত্র ব্যবহার না করলে তার আর কোনো সমস্যা নেই। তাই সরকারী বাহিনী বিদ্রোহীদের দমনে যতই নির্দয় পন্থা অবলম্বন করুক কার্যত কেউ বাধা দেবে না বলেই ধারণা বিশ্লেষকদের। আর সিরিয়া প্রশ্নে পূর্ব-পশ্চিম বিরোধে বিশ্ব সংস্থা জাতিসংঘ আগেই তার সব প্রভাব হারিয়ে বসে আছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পশ্চিমা রাষ্ট্রগুলো সিরিয়ার ওপর কঠোর অবরোধ আরোপের প্রস্তাব করেছে আর তাতে ভোটো দিয়ে বসে আছে পুর্বের চীন ও পশ্চিমের রাশিয়া। এতে সিরিয়ার সমস্যার কোনো ধরনের রাজনৈতিক সমাধানের আশা সূদূর পরাহত হয়ে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩২৭ ঘ.