২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইরানের পরমাণু তথ্য ইসরায়েলে পাচার করছে আইএইএ’

জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ইসরায়েলের কাছে তাদের পরমাণু প্রকল্পের বিস্তারিত গোপন তথ্য পাচার করছে বলে অভিযোগ করেছে ইরান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 04:45 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

দুবাই, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ইসরায়েলের কাছে তাদের পরমাণু প্রকল্পের বিস্তারিত গোপন তথ্য পাচার করছে বলে অভিযোগ করেছে ইরান। রোববার ইরানি পার্লামেন্টের সভাপতিমণ্ডলীর সদস্য জাভেদ জাহাঙ্গিরজাদেহ এ অভিযোগ করেন। আইএইএ’র মহাপরিচালক উকিয়া আমানো ‘ঘন ঘন’ ইসরায়েল সফরে গিয়ে তেহরানের পরমাণু প্রকল্পের স্পর্শকাতর তথ্যাবলী ইসরায়েলের হাতে তুলে দেন বলে অভিযোগ করেন তিনি। ইরানের ইংরেজিভাষী প্রেস টিভিতে তিনি বলেন, “তেল আবিবে আমানোর ঘন ঘন সফর ও ইরানের পরমাণু প্রকল্পের বিষয়ে ইসরায়েলি কর্মকর্তাদের দৃষ্টিভঙ্গী জানতে চাওয়ার তৎপরতা ইঙ্গিত দেয়, ইরানের পরমাণু প্রকল্পের তথ্যাবলী ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল ও ইরানের অন্যান্য শত্র“দের কাছে ফাঁস হয়ে যাচ্ছে।” “আইএইএ’র এসব তৎপরতার কারণে ইরান আন্তর্জাতিক এই সংস্থাটির সঙ্গে সহযোগিতা করা বন্ধ করে দিলে এর জন্য সংস্থাটির মহাপরিচালক দায়ী থাকবেন,” বলেন জাহাঙ্গিরজাদেহ। তিনি ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিটিরও সদস্য। রেকর্ড বলছে আইএইএ’র প্রধান হিসেবে আমানো ২০১০ সালের অগাস্টে একবার মাত্র ইসরায়েল সফরে গিয়েছেন। আর চলতি বছরের মে’তে তিনি ইরান সফর করেছেন। জাহাঙ্গিজাদেহ’র অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হলে কোনো মন্তব্য করতে অস্বীকার করে আইএইএ। পরমাণু প্রকল্পের আড়ালে ইরান পরমাণু বোমা তৈরি করার চেষ্টা করছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে ইসরায়েল ও পশ্চিমা দেশগুলো। কিন্তু ওই অভিযোগ অস্বীকার করে নিজেদের পরমাণু প্রকল্পকে শান্তিপূর্ণ বেসামরিক উদ্দেশ্যে নিয়োজিত বলে দাবি করে যাচ্ছে ইরান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১০৪৩ ঘ.