২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীন-আফগানিস্তান নিরাপত্তা চুক্তি সই

আফগানিস্তানের সঙ্গে নিরাপত্তা ও অর্থনৈতিক চুক্তি সই করেছে চীন। শীর্ষ এক চীনা কর্মকর্তা কাবুলে বিরল সফরকালে এ চুক্তি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 10:57 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

কাবুল, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের সঙ্গে নিরাপত্তা ও অর্থনৈতিক চুক্তি সই করেছে চীন। শীর্ষ এক চীনা কর্মকর্তা কাবুলে বিরল সফরকালে এ চুক্তি করেছেন। ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে নেটো সেনা প্রত্যাহারের আগে প্রভাব বাড়াতে বেইজিং এ উদ্যোগ নিয়েছে বলে মনে করা হচ্ছে। চীনের অভ্যন্তরীন নিরাপত্তা প্রধান এবং ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সেনট্রাল পলিটব্যুরো সদস্য ঝোউ ইয়াংকাং শনিবার দিনশেষে আকস্মিক সফরে আফগানিস্তানের রাজধানী কাবুলে যান। সেখানে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠকে ইয়াংকাং দেশটির সঙ্গে নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো নিয়ে চুক্তি সই করেন। তাছাড়া, আফগানিস্তানের পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ, তহবিল এবং রসদ দিয়ে সহায়তা করা নিয়েও চুক্তি হয়েছে। তবে আফগানিস্তানের ১৪৯,০০০ সদস্যের পুলিশ বাহিনীকে চীন কতটা সহায়তা দেবে সে ব্যাপারে চুক্তিতে সুনির্দিষ্ট কিছু বলা হয়নি। বর্তমানে আফগান পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেয়ার কাজ করছে নেটো নেতৃত্বাধীন বাহিনী। চুক্তির পর এক বিবৃতিতে ইয়াংকাং বলেন, “চীন ও আফগানিস্তান জনগণের মৌলিক স্বার্থে দু’দেশের কৌশলগত এবং সহযোগিতামূলক অংশীদারিত্ব আরো নিবিড় করতে এ চুক্তি করেছে। আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্যও তা উপযোগী।” চীনের বার্তা সংস্থা সিনহুয়া এ খবর দিয়েছে। ১৯৬৬ সালের পর ইয়াংকাংই আফগানিস্তান সফরে যাওয়া উর্ধ্বতন চীনা কর্মকর্তা। আফগানিস্তানের প্রেসিডেন্ট কারজাই গত জুনে চীন সফরের পর ইয়াংকাং এ সফর করলেন। কারজাইয়ের বেইজিং সফরকালে দু’দেশ এ অঞ্চলে উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করতে রাজি হয়। বিডিনিউউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/১৬৪৬ঘ.