বৈরুত, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ার সামরিক বাহিনীর দলত্যাগী সেনাদের নিয়ে গঠিত বিদ্রোহী বাহিনী ‘ফ্রি সিরিয়ান আর্মি’র (এফএসএ) নেতারা তুরস্ক ছেড়ে নিজ দেশ সিরিয়ায় ফিরেছেন। তারা সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি এলাকায় অবস্থান করছেন।
শনিবার এফএসএ’র প্রধান সেনাপতি কর্নেল রিয়াদ আল আসাদ এ খবর জানিয়েছেন।
প্রায় এক বছরেরও বেশি সময় ধরে এফএসএ তুরস্কে ঘাঁটি গেড়ে আছে। সেখান থেকেই প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছিলো এফএসএ’র নেতৃবৃন্দ। কিন্তু বর্তমানে সিরিয়ার বিশাল একটি এলাকায় বিদ্রোহীদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ায় এফএসএ’র নেতৃবৃন্দ এই এলাকায় চলে এসেছেন।
তবে এসব বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলো পুনুরুদ্ধারে আসাদ অনুগত বাহিনী প্রচ- বিমান হামলা ও গোলাবর্ষণও অব্যাহত রেখেছে।
এক ভিডিও বিবৃতিতে এফএসএ’র কর্নেল রিয়াদ বলেন, “এফএসএ’র নেতৃবৃৃন্দ সিরিয়ার মুক্ত এলাকায় প্রবেশ করেছে। মুক্ত এলাকা রক্ষার জন্য অন্যান্য বিদ্রোহী গোষ্ঠিগুলোর সঙ্গে একত্রে কাজ করার পরিকল্পনা সাফল্য লাভ করার পর আমরা মুক্ত এলাকায় প্রবেশ করেছি।”
রিয়াদ আল আসাদের ঘনিষ্ঠ এক এক সূত্র জানিয়েছে, দুই দিন আগে রিয়াদ সিরিয়া এসেছেন। তিনি জানান, এফএসএ সিরিয়া থেকেই তাদের সব কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা গ্রহণ করেছে।
এই পরিকল্পনা অনুযায়ী আগামী দুই সপ্তাহের মধ্যেই তুরস্ক থেকে এফএসএ’র সব নেতারা সিরিয়ায় চলে আসবে বলে জানান তিনি। এরপর থেকে এফএসএ’র কার্যক্রম ইদলিব অথবা আলেপ্পো প্রদেশ থেকে পরিচালিত হবে।
সিরিয়ার গৃহযুদ্ধের রাজনৈতিক সমাধানের লক্ষ্যে সরকার সমর্থিত কয়েকটি বিরোধী দল রাজধানী দামেস্কে এক বৈঠকে মিলিত হওয়ার প্রাক্কালে বিদ্রোহী বাহিনীর পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হলো। বিরোধীদলগুলোর ওই বৈঠকটিকে বিশ্ব সম্প্রদায়কে ধোঁকা দেওয়ার জন্য আসাদের একটি ‘চাল’ বলে খারিজ করে দিয়েছে এফএসএ।
সিরিয়ার আসাদ সরকারের বিরুদ্ধে যে কয়টি গোষ্ঠি লড়াই করছে তাদের মধ্যে এফএসএ সবচেয়ে প্রভাবশালী।
বিবৃতিতে কর্নেল রিয়াদ আরো বলেছেন, তাদের যোদ্ধারা অন্যান্য গোষ্ঠির যোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে যাচ্ছে আর তারা শিগগিরই রাজধানী দামেস্ক দখল করবেন বলে পরিকল্পনা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৩৫২ ঘ.
bdnews24