২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশর সীমান্তে ৩ বন্দুকধারীসহ এক ইসরায়েলি সেনা নিহত

মিশরের সিনাই উপদ্বীপ থেকে ইসরায়েলে অনুপ্রবেশকারী তিন বন্দুকধারীর গুলিতে এক ইসরায়েলি সেনা নিহত ও অপর একজন আহত হয়েছে। ইসরায়েলি সেনাদের পাল্টাগুলিতে ওই অনুপ্রবেশকারীরাও নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2012, 07:05 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

জেরুজালেম, সেপ্টম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের সিনাই উপদ্বীপ থেকে ইসরায়েলে অনুপ্রবেশকারী তিন বন্দুকধারীর গুলিতে এক ইসরায়েলি সেনা নিহত ও অপর একজন আহত হয়েছে। ইসরায়েলি সেনাদের পাল্টাগুলিতে ওই অনুপ্রবেশকারীরাও নিহত হয়েছে। শুক্রবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র লেফেটেন্যান্ট কর্নেল আভিতাল লেইবোভিচ বলেন, “সিনাই থেকে তিন সন্ত্রাসী ইসরায়েলে প্রবেশ করে সীমান্তরক্ষীদের লক্ষ করে গুলি চালায়। সন্ত্রাসীরা আধুনিক অস্ত্রে সজ্জিত ও তাদের শরীরে বিষ্ফোরক বাঁধা ছিল।” “বড় একটি সন্ত্রাসী হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে,” বলেন তিনি। স্থানীয় সেনা কমান্ডার জেনারেল তাল রুশো জানান, সেনারা ইসরায়েলে আসা একদল আফ্রিকান অভিভাসীকে পানি পান করানোর সময় অনুপ্রবেশকারী বন্দুকধারীরা সেনাদের ওপর চোরাগোপ্তা হামলা চালায়। “গুলিবর্ষণের প্রথম পর্যায়েই আমাদের এক সেনা নিহত হয়,” বলেন রুশো। অপর একজন সেনা বন্দুকধারীদের বোমা হামলায় আহত হন বলে তিনি জানান। অনুপ্রবেশকারী বন্দুকধারীদের সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই বলে জানান জেনারেল রুশো। তবে পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের দলের বিরুদ্ধে কঠোর পাল্টা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। মিশরের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানায়, নিজের শরীরের সঙ্গে বাঁধা বোমার বিস্ফোরণে এক বন্দুকধারী মারা যায় আর ইসরায়েলি সেনাদের সঙ্গে বন্দুকযুদ্ধে অপর দুইজন মারা যায়। হামলাকারীদের জাতিগত পরিচয় কেউ নিশ্চিত করতে পারেনি। লোহিত সাগরের তীরবর্তী ইলাত থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকা পর্যন্ত মিশর সীমান্তের ২৬৬ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দিচ্ছে ইসরায়েল। মাউন্ট হারিফ নামক এলাকার কাঁটাতার এখনো বসানো হয়নি এমনি একটি স্থানে হামলাটি চালানো হয় বলে জানিয়েছেন কর্নেল লেইবোভিচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩০০ ঘ.