ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বলে দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন জানিয়েছে। তবে ঠিক কী কারণে এটি বিধ্বস্ত হয়েছে এ ব্যাপারে এখনো পর্যন্ত কোনোকিছু জানা যায়নি।
এর আগে অগাস্টের শেষ দিকে সিরিয়ার সরকারবিরোধী বিদ্রোহীরা দাবি করেছিল, দামেস্কের বাইরে তারা একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। বিবিসি এ খবর জানিয়েছে।
সিরীয় সরকার বিদ্রোহীদের দমন করতে হেলিকপ্টারসহ অন্যান্য আকাশযান ব্যবহার করছে। এক বছরেরও বেশি সময় ধরে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে বিদ্রোহীরা।
বুধবারও দামেস্ক ও আলেপ্পোতে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে প্রচণ্ড লড়াই হয়।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি সতর্ক করে বলেছে, আকাশ হামলা ও কামান দিয়ে হামলা চালানোয় দেশটির ইদলিব ও হামায় বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা নাটকীয় ভাবে বেড়ে গেছে।
হেগে অর্থনৈতিক বিশেষজ্ঞ গোষ্ঠী, বিদেশি কূটনীতিক এবং সিরীয় সরকারের পক্ষত্যাগীরা প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতা খর্ব করতে নতুন অর্থনৈতিক পথ বের করার জন্য বৈঠক করছেন।
ফ্রন্সড অব সিরিয়া নামে ওই গোষ্ঠীটি সিরিয়ার সরকারের ওপর আরো কার্যকর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপসহ বাশারের গোপন অর্থনৈতিক সম্পদ বের করার কৌশল নিয়ে আলোচনা করছেন।
ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী উরি রোসেনথাল বৈঠকে বলেন, সমস্যা হচ্ছে সকল রাষ্ট্র সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৪২ ঘ.
bdnews24