জাতিসংঘ, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসলামবিরোধী চলচ্চিত্রটি নির্মাতার বাক ও মতপ্রকাশের স্বাধীনতার অপব্যবহার বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।
এ কর্মকাণ্ডকে তিনি মর্যাদা হানিকর ও লজ্জাজনক বলে অভিহিত করেছেন। এক সংবাদ সম্মেলনে বুধবার তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে বান কি মুন বলেন, “বাক ও মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই নিশ্চিত ও সুরক্ষিত রাখতে হবে, যখন তা সাধারণ বিচার ও সাধারণ উদ্দেশ্যে ব্যবহৃত হয়।”
তিনি বলেন, “যখন কিছু মানুষ মতপ্রকাশের স্বাধীনতার নামে অন্যের বিশ্বাস ও মূল্যবোধকে উপহাস করে তখন তা আর সুরক্ষিত থাকতে পারে না।”
তিনি আরো বলেন, “আমি মনে করি, বাক ও মতপ্রকাশের এই মৌলিক অধিকার এ ধরনের মানুষের এ ধরনের মানহানিকর ও লজ্জাজনক কর্মের মাধ্যমে লঙ্ঘিত হওয়া উচিৎ নয়”।
হযরত মোহাম্মদ (সা.) অসৎ চরিত্রের বোকা একজন মানুষ হিসেবে চিত্রিত করে নির্মিত ওই চলচ্চিত্রটির কিছু অংশ বিভিন্ন শিরোনামে ইন্টারনেটে পোস্ট করা হয়। এর প্রতিক্রিয়ায় মুসলিম বিশ্বে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
যুক্তরাষ্ট্রে ওই চলচ্চিত্রটি নির্মিত হওয়ায় বিক্ষোভে যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাব প্রবল হয়ে ওঠে। এরই জেরে লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা চালায় বিক্ষুব্ধ জনগণ। হামলায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতসহ ৫জন নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৩৭ ঘ.
bdnews24