ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে প্রথম বৈঠকের পর দেশটির পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে এবং তা ‘বিশ্বের জন্য হুমকি’ বলে মন্তব্য করেছেন দেশটিতে পাঠানো নতুন শান্তি দূত লাখদার ব্রাহিমি।
সিরিয়ার সংকট সমাধানে জাতিসংঘ-আরব লীগের মধ্যস্থতাকারী ব্রাহিমি প্রথমবারের মত দেশটিতে যাওয়ার পর মন্তব্য করেছিলেন সেদেশে শান্তি প্রতিষ্ঠা ‘প্রায় অসম্ভব’ একটি কাজ।
বৈঠকের পর আলজেরিয়ার ওই কূটনীতিক বলেছেন, “পরিস্থিতি খুব ভয়াবহ ও আরো খারাপের দিকে যাচ্ছে এবং তা সিরিয়ার জনগণ, এই এলাকা ও বিশ্বের জন্য একটি হুমকি হয়ে দাঁড়িয়েছে।”
তিনি আরো বলেছেন, “সিরিয়ান জনগণকে সহায়তার উদ্দেশে পরিস্থিতি উন্নয়নে আমরা সচেষ্ট হব এবং আমাদের সাধ্যমত চেষ্টা করব।”
তবে এজন্য কী কী পদক্ষেপ নিবেন তা নির্দিষ্ট করে বলেননি তিনি। দুই সপ্তাহ আগে কফি আনানের স্থলে শান্তি দূতের দায়িত্ব গ্রহণ করেন আলজেরিয়ার এই কূটনীতিক।
এদিকে মানবাধিকার গোষ্ঠী ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, শুক্রবার সিরিয়ায় প্রায় ১৩২ জন মানুষ নিহত হয়েছেন। রাজধানী দামেস্কে ১৮ জনসহ নিহতদের মধ্যে ১০০ জন বেসামিরক লোক রয়েছেন।
তবে ওই তথ্য নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিবিসি।
সিরিয়ায় মার্চে শুরু হওয়া প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভে সহিংসতায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/১৮৪৮ ঘ.
bdnews24