বেইজিং, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দ্বীপ নিয়ে বিরোধের জেরে চীনে জাপানবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। চীনের রাজধানী বেইজিংয়ে জাপানি দূতবাস অবরুদ্ধ করে পাথর ও বোতল ছুঁড়েছে বিক্ষোভকারীরা।
শনিবার বেইজিংসহ চীনের সাংহাই, জিয়ান, সুঝোউ, চাংশা, নানজিং, কুয়োমিং ইত্যাদি শহরে জাপান বিরোধী বিক্ষোভ হয়েছে।
বেইজিংয়ে দূতাবাস অবরোধকারী বিক্ষোভকারীরা দূতবাসে হামলা চালানোর চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। বিক্ষোভকারীরা পৌঁছানোর আগেই জাপানি দূতাবাস ঘিরে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে রেখেছিল চীনা আধাসামরিক পুলিশ।
জাপানি দূতাবাস ঘিরে থাকা বিক্ষোভকারীরা চীনের পতাকা নাড়িয়ে জাপানবিরোধী স্লে¬াগান দেয়।
“আমাদের দ্বীপ ফিরিয়ে দাও! জাপানি শয়তানরা চলে যাও!,” চিৎকার করে বলে তারা। এদের একজনের হাতের প¬্যাকার্ডে লেখা ছিল, “মাতৃভূমির সম্মান রক্ষার্থে আমরা অবশ্যই জাপানের সঙ্গে যুদ্ধ করবো।”
লিউ গ্যাঙ নামের এক বিক্ষোভকারী বলেন, “আমরা জাপানকে ঘৃণা করি। আমরা জাপানকে সবসময়ই ঘৃণা করবো। চীন দখল করে অনেক মানুষকে হত্যা করেছিল জাপানিরা।”
গত শতাব্দীর ত্রিশ ও চল্লি¬শের দশকে চীনে আগ্রাসন চালিয়ে লাখ লাখ মানুষকে হত্যা করেছিল জাপানি দখলদার বাহিনী। গ্যাঙের কথায় সেই ইতিহাসেরই প্রতিধ্বনি।
পূর্ব চীন সাগরের বসতিহীন কয়েকটি দ্বীপের মালিকানা নিয়ে চীন ও জাপানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার বিরোধপূর্ণ ওই দ্বীপের জলসীমায় ছয়টি টহল জাহাজ পাঠায় চীন। ব্যক্তিগত মালিকানা থেকে জাপানি সরকার দ্বীপগুলো কিনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার প্রতিক্রিয়ায় জাহাজগুলো পাঠিয়েছে চীন।
দ্বীপগুলোর চীনা নাম দিয়াওউ আর জাপানি নাম সেনকাকু। এসব দ্বীপ কেনার সিদ্ধান্তে ক্ষুব্ধ চীন জাপানকে সতর্ক করেছিল।
সৃষ্ট উত্তেজনা নিরসনে জাপানি পররাষ্ট্রমন্ত্রী অস্ট্রেলিয়া সফর সংক্ষিপ্ত করে শনিবার সকালে জাপান ফিরে এসেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৪০ ঘ.
bdnews24