২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে প্রিন্স হ্যারির ঘাঁটিতে তালেবান হামলা

ন্যাটো ঘাঁটিতে এই হামলায় প্রিন্স হ্যারি বেঁচে গেলেও নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের দুই সৈন্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2012, 03:57 AM

Updated : 24 Aug 2022, 12:08 PM

কাবুল, সেপ্টেম্বব ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে ন্যাটোর যে ঘাঁটিতে ব্রিটিশ যুবরাজ হ্যারি অবস্থান করছেন সেখানে হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা। এই হামলায় ২ মার্কিন মেরিন সেনা নিহত হয়েছে। তবে প্রিন্স হ্যারি অক্ষত ও নিরাপদ রয়েছেন। শুক্রবার ওই হামলা চালানো হয় বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ খবর জানিয়েছেন। ন্যাটোর মুখপাত্র মার্টিন ক্রিগটন বলেন, “প্রিন্স হ্যারি কখনোই বিপদগ্রস্ত ছিলেন না।” তবে তার অবস্থানের কারণেই এই হামলা চালানো হয়েছে কি না তা তদন্ত করে দেখা হবে বলেও তিনি জানান। রকেটচালিত গ্রেনেড, মর্টার এবং ছোট আগ্নেয়াস্ত্র নিয়ে তালেবান জঙ্গিরা সংঘাতক্ষুব্ধ হেলমান্দ প্রদেশের ওই ঘাঁটিতে হামলা চালায়। তবে মুখপাত্র ক্রিগটন ওই হামলার বিস্তারিত আর কিছু জানাতে অস্বীকৃতি জানান। এমন কি হামলায় কতজন আহত হয়েছেন সে ব্যাপারেও কিছু বলেননি তিনি। চলতি সপ্তাহের শুরুর দিকে তালেবান হুমকি দিয়েছিল, প্রিন্স হ্যারিকে হত্যা কিংবা অপহরণ করার জন্য তাদের সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা চালাবে। ঐুক্তরাষ্ট্রের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছে, প্রাথমিক তথ্যানুযায়ী এই হামলায় ৫ মার্কিন সেনা আহত হয়েছে। তবে তাদের আহত হওয়ার ধরন সম্পর্কে কিছু জানায়নি কর্মকর্তারা। ন্যাটোর মুখপাত্র জানান, শুক্রবার রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত এই হামলা চলে। এই হামলা এমন এক সময়ে হলো, যখন হযরত মোহাম্মদ (সা.) কে ব্যঙ্গ করে নির্মিত একটি চলচ্চিত্র নিয়ে বিশ্বজুড়ে মুসলিমরা বিক্ষোভ প্রদর্শন করছে। পেন্টাগন জানিয়েছে, এই ঘটনার প্রতিক্রিয়ায় আফগানিস্তানের মুসলিমদের প্রতিবাদ তুলনামূলক অনেক শান্তিপূর্ণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯৪৯ ঘ.