ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শারীরিকভাবে অক্ষম হওয়ায় খেমারুজ নেত্রী ইয়াঙ থিরিথকে মুক্তি দেওয়ার আদেশ দিয়েছে কম্বোডিয়ার একটি যুদ্ধাপরাধ আদালত। বিচারকাজে উপস্থিত হওয়ার মতো শারীরিক অবস্থা তার নেই বলে জানিয়েছে আদালত।
বৃহস্পতিবার এ খবর জানিয়েছে বিবিসি অনলাইন।
আদালত জানিয়েছে, ইয়াঙ থিরিথ সম্ভবত আলঝেইমার রোগে ভুগছেন, তাই তার পক্ষে ভবিষ্যতে কোনো ধরনের তৎপরতায় অংশগ্রহণ সম্ভব নয়।
৮০ বছর বয়সী থিরিথ খেমারুজ আমলে কম্বোডিয়ার সমাজকল্যাণমন্ত্রী ছিলেন। মানবতাবিরোধী অপরাধের জন্য আটক অপর তিন খেমারুজ শীর্ষ নেতা নুওন চিয়া, খিউ সাম্পান ও ইয়েঙ স্যারির বিচার চলছে।
আদালতের এক কর্মকর্তা জানিয়েছেন, বাদী পক্ষের আইনজীবী আপিল না করলে আদালতের দেওয়া আদেশের পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে মুক্তি পাবেন থিরিথ।
আদালত জানিয়েছে, তার মুক্তির আদেশের অর্থ এই নয় যে তিনি অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন বা তাকে নির্দোষ ঘোষণা করা হয়েছে। শারীরিক অক্ষমতাই তার মুক্তির কারণ।
মাওবাদী পলপটের নেতৃত্বাধীন খেমারুজ ১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত কম্বোডিয়ার ক্ষমতায় ছিল। ওই সময় খেমারুজ বিরোধী হুমকি মোকাবিলায় ২২ লাখেরও বেশি মানুষকে হত্যা করে তারা।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ৩২ বছর পর ২০১১ সালের নভেম্বর থেকে জীবিত শীর্ষ খেমারুজ নেতাদের বিচার শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২১২ ঘ.
bdnews24