লিবিয়ায় হামলায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিহত
লিবিয়ায় রকেট হামলায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনস নিহত হয়েছেন। (আরো তথ্যসহ), ভিডিও
কায়রো, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় রকেট হামলায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনস নিহত হয়েছেন।
লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলার ভবনে অস্ত্রধারীদের হামলা এবং সেখান েেক একটি নিরাপদ স্থানে যাওয়ার পে রকেট হামলার শিকার হয়ে স্টিভেনসসহ দূতাবাসের আরো তিন কর্মকর্তা নিহত হন।
বেনগাজিতে মঙ্গলবার রাতের ওই হামলায় বন্দুকধারীরা রকেট চালিত গ্রেনেড হামলা চালানোসহ কনস্যুলার ভবনে আগুনও দিয়েছে। কনস্যুলার ভবনের কাছে বুধবার দেখা গেছে একটি পোড়া গাড়িও।
এ হামলায়ই নিহত হন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। কিন্তু তিনি কোথায়, কিভাবে নিহত হয়েছেন সে সম্পর্কে পরিষ্কার কিছু জানা যায়নি।
লিবিয়ার এক সরকারি কর্মকর্তা বুধবার জানান, কনস্যুলার ভবনে প্রথমে হামলা হওয়ার পর সেখান থেকে পালিয়ে গাড়িতে করে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় হামলার শিকার হন স্টিভেনস।
রাষ্ট্রদূতকে বহনকারী গাড়িতে রকেট হামলায় যুক্তরাষ্ট্রের আরো তিন কর্মকর্তা নিহত হন বলেও জানান তিনি।
ওদিকে, বিবিসি’র এক খবরে বলা হয়েছে, কনস্যুলার ভবনে হামলার পর ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান রাষ্টদূত জে ক্রিস্টোফার স্টিভেনস।
মঙ্গলবার সন্ধ্যায় হযরত মোহাম্মদ (সা.) কে ব্যঙ্গ করে যুক্তরাষ্ট্রে একটি চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে বেনগাজির কনস্যুলার ভবনে ওই হামলা চালায় বিক্ষুব্ধরা। তখনও যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা নিহত হন।
লিবিয়ার ওই কর্মকর্তা বলেন, কনস্যুলেট ভবনে অস্ত্রধারীরা গুলি চালালে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনস গাড়িতে করে বের হন।
“অস্ত্রধারীরা তাদের গাড়ি লক্ষ্য করে রকেট ছুড়লে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং দূতাবাসের তিন কর্মকর্তা নিহত হন,” রয়টার্সকে বলেন তিনি।
প্রেসিডেন্ট বারাক ওবামা এ হামলার নিন্দা জানিয়ে হত্যাকারীদের বিচার করার অঙ্গীকার করেছেন।
হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন লিবিয়ার উপপ্রধানমন্ত্রী মুস্তফা আবু শাগোরও। যুক্তরাষ্ট্রের কূটনীতিকদেরকে এ হত্যা কাপুরুষোচিত বলে মন্তব্য করেন তিনি।
নিন্দনীয় এ ঘটনার জন্য যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চেয়েছেন লিবিয়ার অন্তর্বর্তী নেতা মোহাম্মদ মাগারিফ।
তবে ওবামা সাংবাদিকদের বলেছেন, এ হামলার ঘটনায় লিবিয়ার নতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রে সম্পর্কের কোনো ক্ষতি হবে না। বরং হত্যাকারীদের বিচারের আওতায় আনতে যুক্তরাষ্ট্র লিবিয়ার সঙ্গে কাজ করে যাবে।
হোয়াইট হাউজের রোজ গার্ডেনে ওবামা সাংবাদিকদের বলেন, “এ হত্যার ন্যায়বিচার করা হবে।”
গণমাধ্যমের কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, আনসার আল শারিয়া ব্রিগড নামের একটি মিলিশিয়া বাহিনী হামলার ঘটনায় জড়িত। তবে এ দাবি ওই দলটি অস্বীকার করেছে বলে ত্রিপোলি থেকে জানিয়েছেন বিবিসি’র এক সংবাদদাতা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় কনস্যুলার ভবনে হামলার পর সেখানে লিবীয় নিরাপত্তা বাহিনী ও ইসলামপন্থী জঙ্গিদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। পরিস্থিতি কিছুটা শান্ত হলে সেখানে ব্যাপক লুটতরাজ হয়।
এদিকে, হযরত মোহাম্মদ (সা.) কে ব্যঙ্গ করে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে লিবিয়ার প্রতিবেশি দেশ মিশরেও যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রের পতাকা নামিয়ে তা পুড়িয়ে ফেলা হয়। তারপর দূতাবাসে একটি কালো পতাকা উত্তোলন করার চেষ্টা চালায় বিক্ষুব্ধরা যাতে লেখা ছিল, “আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই এবং হযরত মোহাম্মদ (সা.) তার প্রেরিত দূত।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এএইচ/এলকিউ/২৩০৮ ঘ.
