সিরিয়ার শরণার্থীদের মাঝে অ্যাঞ্জেলিনা জোলি
গৃহযুদ্ধের কারণে জর্দানে আশ্রয় নেওয়া সিরীয় শরণার্থীদের শিবির পরিদর্শন করেছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। এ সময় শরণার্থীদের করুণ কাহিনী শুনে অশ্রুসজল হয়ে ওঠেন তিনি।ভিডিও
যাতারি, জর্ডান, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গৃহযুদ্ধের কারণে জর্দানে আশ্রয় নেওয়া সিরীয় শরণার্থীদের শিবির পরিদর্শন করেছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। এ সময় শরণার্থীদের করুণ কাহিনী শুনে অশ্রুসজল হয়ে ওঠেন তিনি।
মঙ্গলবার জর্ডানের যাতারি শরণার্থী শিবিরে দুইদিনের পরিদর্শন শেষ করেন জাতিসংঘের বিশেষ দূত জোলি।
এপ্রিলে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর শুভেচ্ছা দূত জোলিকে জাতিসংঘের বিশেষ দূত করা হয়।
পরিদর্শন শেষে তিনি বলেন, “তারা কি দেখেছে ছোট বাচ্চাদের এমন প্রশ্ন করা হলে তারা ছিন্নভিন্ন শরীরের কথা বলেছে, অগ্নিদগ্ধ শরীর মুরগীর মতো টেনে ছিঁড়ে ফেলা হয়েছে বলে জানিয়েছে। নয় বছরের এক বালিকা এসব কথা বলেছে।”
“এই শিবির পরিদর্শন মন ভারী করে দেওয়ার মতো এক অভিজ্ঞতা। তারা সীমান্ত অতিক্রম করে আসলেই শুধু আমরা তাদের সঙ্গে দেখা করতে পারি আর কীভাবে তারা শরণার্থীতে পরিণত হল তা জানতে পারি,” আবেগ সংবরণ করতে করতে বলেন জোলি।
“তারা বলতে পারে : ‘আমরা পরিবার হারিয়েছি, বাড়ি হারিয়েছি, এরপর আমরাও হয়তো আর থাকবো না।”
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্রমস¤প্রসারিত সামরিক অভিযানের মুখে পালিয়ে আসা ২৮ হাজার শরণার্থী যাতারি শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। শিবিরটি এখনও পুরোপুরি তৈরি হয়নি। আশ্রয় নেওয়া শরণার্থীদের মৌলিক চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে ত্রাণ সংস্থা ওর্ র্জডানি কর্তৃপক্ষ।
প্রচণ্ড গরম ও ধূলাধূসরিত শিবিরটিতে মানবেতর জীবনযাপন করছে শরণার্থীরা। তাদেরই একজন মুসা আওদাত।
তিনি বলেন “বিশ্ববাসী সিরিয়ার মানুষজনকে দেখছে ও করুণা করছে। আমাদের মনে হচ্ছে আমরা চারদিকে বেড়া দেওয়া বড় একটি কারাগার বা চিড়িয়াখানায় আছি। এখানে আমাদের দুর্ভোগকে পুঁজি করার জন্য সবাই আসছে,”
ছয় সন্তানের পিতা মুসা বলেন, “আরেকটি কারাগারে থাকার জন্য আমরা সিরিয়া থেকে পালিয়ে আসিনি।”
সিরিয়ার ১৮ মাস ধরে চলা সরকার বিরোধী আন্দোলন-বিদ্রোহ ও পরবর্তী গৃহযুদ্ধে কারণে আড়াই লাখেরও বেশি মানুষ দেশটি থেকে পালিয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। শুধু অগাস্টেই এক লাখেরও বেশি মানুষ দেশ ছেড়েছে। এদের মধ্যে ৮৫ হাজার শরণার্থী জর্দানে আশ্রয় নিয়েছে।
সিরিয়ার সরকার বিরোধীরা দাবি করেছে, প্রেসিডেন্ট আসাদের শাসনের বিরুদ্ধে ১৮ মাস ধরে চলা আন্দোলন-বিদ্রোহ-গৃহযুদ্ধে এ পর্যন্ত ২৮ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।
