ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’কে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের হদিস দেয়ার অভিযোগে আটক পাকিস্তানি চিকিৎসক শাকিল আফ্রিদি বলেছেন, এ ব্যাপারে কিছুই জানা ছিল না তার।
বিন লাদেন হত্যার কিছুদিন পর গ্রেপ্তার হওয়া আফ্রিদি মঙ্গলবার প্রথম সাক্ষাৎকারে ফক্স নিউজকে বলেন, ২০১১ সালের ওই হত্যা অভিযানে তার ভূমিকা সম্পর্কে তিনি ওয়াকিবহাল ছিলেন না।
ছদ্ম টিকাদান কর্মসূচির মধ্য দিয়ে আফ্রিদি বিন লাদেনের খোঁজ দিতে সিআইএকে সহায়তা করেছিলেন বলে অভিযোগ আছে।
কিন্তু সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, সিআইএ ওসামা বিন লাদেনকে লক্ষ্য করে অভিযান চালাচ্ছে তিনি তা বোঝেননি। শুধু তাকে দেয়া নির্দিষ্ট কাজগুলোই করে গেছেন।
তিনি বলেন, অ্যাবোটাবাদের ওই বাড়িতে সন্ত্রাসীরা আস্তানা গেড়েছে তা তিনি বুঝতে পেরেছিলেন, কিন্তু তারা কারা ছিল তা জানতেন না।
লাদেন হত্যার ঘটনায় সহযোগিতার অভিযোগে অত্যন্ত মর্মাহত জানিয়ে আফ্রিদি বলেন, আমি ভাবতেই পারিনি যে ‘তার’ হত্যাকাণ্ডে সহায়তা করছি।”
সাক্ষাৎকারে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই কে যুক্তরাষ্ট্রের ঘোর শত্র“ বলে উল্লেখ করেন আফ্রিদি। গত বছর ২২ মে গ্রেপ্তার হওয়ার পর আইএসআই তাকে নির্যাতন করেছে বলেও জানান তিনি।
একটি জঙ্গি দলকে অর্থসাহায্য ও সহায়তা দেওয়ার অভিযোগে পেশোয়ারের একটি কারাগারে বন্দি রয়েছেন শাকিল আফ্রিদি। তবে সিআইএ’কে সহায়তা করার দায়ে শাকিল শাস্তিভোগ করছেন বলেই সবার ধারণা।
অভিযোগ করা হয়, হেপাটাইটিস বি টিকা দেওয়ার ছলে বিন লাদেন পরিবারের ডিএনএ’র নমুনা সংগ্রহ করেছিলেন শাকিল।
যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরে হামলার ১১তম বার্ষিকীর প্রাক্কালে এ সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়েছে।
সিআইএ তাকে আফগানিস্তানে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিল বলে জানান আফ্রিদি। তবে অস্থিতিশীল সীমান্ত এলাকা পেরিয়ে পালিয়ে যাওয়া জরুরি বলে মনে করেননি তিনি।
পাকিস্তানের মাটিতে ওসামা বিন লাদেনের উপস্থিতি প্রকাশ পাওয়ার পর অস্বস্তিতে পড়ে দেশটি। তবে পাকিস্তানে গোপন অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্র দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে বলে মনে করে পাক সরকার।
ইসলামাবাদ থেকে ৩৫ কিলোমিটার উত্তরে পাহাড়ি শহর অ্যাবোটাবাদের শেষ প্রান্তে একটি সুরক্ষিত বাড়িতে গোপন অবস্থান নিয়েছিলেন ওসামা বিন লাদেন।
ওই বাড়িতেই গত বছরের ২ মে তাকে হত্যা করে মার্কিন সেনাদের বিশেষ বাহিনী।
ওসামা বিন লাদেন হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সম্পর্কে চিড় ধরে। এর ২০ দিন পরই গ্রেপ্তার হন শাকিল আফ্রিদি।
তিনি জানান, গ্রেপ্তারের পরে প্রায় আট মাস চোখ বেঁধে ও হাতকড়া পরিয়ে ইসলামাবাদে আইএসআই’র সদর দপ্তরের নিচে একটি কারাগারে তাকে আটকে রাখা হয়। জিজ্ঞাসাবাদের সময় তাকে সিগারেটের আগুন ও বৈদ্যুতিক শক দিয়ে নির্যাতন করা হয়।
নির্যাতনের সময় ওসামাকে খুঁজে পেতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করায় তাকে তিরস্কার করে আইএসআই’র লোকেরা। যুক্তরাষ্ট্রকে ভারতের চেয়েও বড় শত্র“ বলে মন্তব্য করে তারা।
আফ্রিদি আরো জানান, তাকে জিজ্ঞাসাবাদ করতে আসা সিআইএ কর্মকর্তাদের সঙ্গে তার দেখা না হওয়ার জন্য তার সঙ্গী বন্দিদের বিভিন্ন অজুহাত তৈরি করতে বলা হয়েছে বলে তিনি জেনেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৭১৪ঘ.
bdnews24