২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন চাওয়ায় কাটা পড়ল হাত

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে একটি কারখানার মালিকের কাছে বেতন চাওয়ায় কুড়াল দিয়ে কুপিয়ে এক শ্রমিকের হাত কেটে ফেলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2012, 11:43 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের ঝাড়খণ্ড রাজ্যে একটি কারখানার মালিকের কাছে বেতন চাওয়ায় কুড়াল দিয়ে কুপিয়ে এক শ্রমিকের হাত কেটে ফেলা হয়েছে। রোববার ঝাড়খণ্ডের গাড়োয়া জেলায় এ ঘটনা ঘটে বলে মঙ্গলবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় একটি মদ প্রক্রিয়াজাতকরণ কারখানার মালিক রাম সিং যাদবের কাছে তিন মাসের বকেয়া বেতন চাওয়ায় অলিয়ার নামের ওই শ্রমিকের হাতে কুড়াল দিয়ে কোপ দেওয়া হয়। অলিয়ার বর্তমানে রাচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে (আরআইএমএস) চিকিৎসাধীন আছেন। বাকি জীবনে তিনি আর কোনো কাজ করতে পারবেন না বলে চিকিৎসকরা আশঙ্কা করছেন। এনডিটিভিকে অলিয়ার বলেন, “রাম সিং যাদব ও তার ভাই আমার হাত কেটে ফেলে এবং তার পরপরই আমি অচেতন হয়ে পড়ি। সেখানে আর কয় জন ছিল তা আমি মনে করতে পারছি না। আল্লাহই জানে এখন আমার সংসার কিভাবে চলবে।” এ বিষয়ে গাড়োয়ার পুলিশ সুপার (এসপি) মিকাল রাজ বলেন, “যেখানে এ ঘটনা ঘটেছে সেটি একটি মদ প্রক্রিয়াজাতকরণ কারখানা। রাম সিং যাদব ও উদয় যাদব ওই কারখানার মালিক। এই দুজনই ওই শ্রমিকের হাত কেটেছে।” রাম সিংকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “কী কারণে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।” অলিয়ারের স্ত্রী বলেন, “আমার স্বামী একজন শ্রমিক। তিনি বেতন চাইতে গেলে সেখানে উপস্থিত দুই জন আমার স্বামীর হাত কেটে ফেলে।” “তিনি কাঠ কাটার কাজও করতেন এবং তা দিয়ে কিছু উপার্জনও হতো। আমাদের পরিবারে ১০ জন মানুষ রয়েছে। এখন আমরা কিভাবে বাঁচবো? আমরা এখন কী খাবো?” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৭৩৮ ঘ.