কায়রো, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চলতি বছরের প্রথম দিকে আল কায়েদার শীর্ষস্থানীয় নেতা আবু ইয়াহিয়া আল লিবি যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় মারা গেছেন বলে নিশ্চিত করেছে সংগঠনটি।
মঙ্গলবার আল কয়েদার শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরি একটি ইসলামি ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিও বার্তায় লিবি’র মৃত্যু কথা স্বীকার করেন।
তিনি বলেন, “আমি গর্বিতভাবে লিবিয়ার সিংহ শেখ হাসান মোহাম্মদ কুয়েদ’র শহীদ হওয়ার সংবাদ মুসলিম উম্মাহ ও পবিত্র যোদ্ধাদের (মুজাহিদ) জানাতে চাই।”
শেখ হাসান মোহাম্মদ কুয়েদ লিবি’র পারিবারিক নাম।
জাওয়াহিরির দেওয়া বিবৃতিটিই লিবি’র নিহত হওয়ার বিষয়ে আল কায়েদার প্রথম স্বীকারোক্তি।
জুনে যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছিল, আল কায়েদার নেতা লিবিকে পাকিস্তানে হত্যা করেছে তারা। গত বছর ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর লিবি’র মৃত্যু ছিল আল কায়েদার জন্য সবচেয়ে বড় আঘাত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪২০ ঘ.
bdnews24