২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের পলাতক ভাইস প্রেসিডেন্টের মৃত্যুদণ্ড

ইরাকের পলাতক ভাইস প্রেসিডেন্ট তারেক আল হাশেমিকে তার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড দিয়েছে সেদেশের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2012, 01:48 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

বাগদাদ, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের পলাতক ভাইস প্রেসিডেন্ট তারেক আল হাশেমিকে তার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড দিয়েছে সেদেশের একটি আদালত। খুনের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে এ সাজা দেওয়া হয়েছে। হাশেমির বিরুদ্ধে ‘ডেথ স্কোয়াড’ পরিচালনার অভিযোগ ওঠার পর এ বছরের শুরুর দিকে তিনি ইরাক ছেড়ে পালিয়ে যান। রোববার ইরাকের উচ্চ অপরাধ আদালতের মুখপাত্র আব্দুল সাত্তার আল-বীরকাদর বলেন, তারেক আল হাশেমি দোষী সাব্যস্ত হওয়ায় আদালত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছে। কৌসুলিরা জানিয়েছে, হাশেমি ১৫০টি হত্যার ঘটনায় জড়িত। হাশেমির পাশাপাশি একই অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন তার জামাইও। তুরস্কে নির্বাসিত হাশেমি এ মামলাকে সুন্নিদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নূরি আল মালিকির রাজনৈতিক চক্রান্ত বলে অভিযোগ করেছেন। তবে সরকার এ অভিযোগ অস্বীকার করেছে। গত ডিসেম্বরে হাশেমি অভিযুক্ত হওয়ার আগে শিয়া সংখ্যাগরিষ্ঠ সরকারে তিনিই ছিলেন সবচেয়ে জ্যেষ্ঠ সুন্নি মুসলিম। ইরাকের সাবেক নেতা সাদ্দাম হোসেন ছিলেন সুন্নি এবং অনেক সুন্নি বিশ্বাস করে তারা শিয়ারা তাদের কোণঠাসা করেছে। সুন্নিদের অভিযোগ, মালিকি একনায়কের মত আচরণ করছেন। ২০১১ সালের ১৯ ডিসেম্বর হাশেমির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ইরাক সরকার। যুক্তরাষ্ট্রের সেনারা সেদেশ ছেড়ে যাওয়ার পরদিনই এ নির্দেশ দেওয়া হয়। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর হাশেমি প্রথমে দেশটির স্বায়ত্ত্বশাসিত এলকা কুর্দিস্তানে পালিয়ে যান। সেখান থেকে কাতার এবং পরে তুরস্কে পালান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ২০৪৩ঘ.