ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিলামে রক অ্যান্ড রোলের ‘রাজা’ বলে খ্যাত প্রয়াত জনপ্রিয় গায়ক এলভিস প্রিসলির ব্যবহৃত একটি বাইবেল ৯৪ হাজার ডলারে বিক্রি হয়েছে।
ইংল্যান্ডের গ্রেটার ম্যানচেস্টারে এলভিসের ব্যবহৃত শতাধিক স্মারক নিয়ে ওই নিলামটি অনুষ্ঠিত হয়।
ইন্টারনেট ও টেলিফোনের মাধ্যমে সারা বিশ্ব থেকে ক্রেতারা এ নিলামে অংশ নেন বলে শনিবার জানিয়েছে বিবিসি।
১৬শ’ পৃষ্ঠার বাইবেলটি ১৯৫৭ সালের বড়দিনে প্রিসলিকে উপহার দেন তার চাচা ভেস্টার ও চাচী ক্লিটিস। টেনেসির মেমফিসে ‘গ্রেসল্যান্ড’ নামের নিজ বাড়িতে প্রিসলির প্রথম ক্রিসমাস ছিলো সেটি।
বাইবেলটির মধ্যে এলভিসের হাতে লেখা টীকা রয়েছে। টেলিফোনের মাধ্যমে নিলামে অংশগ্রহণকারী নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন ক্রেতা বাইবেলটি কিনে নেয়।
নিলামে এলভিসের একটি আধোয়া প্যান্টও ওঠানো হয়। তবে নির্ধারিত দাম না ওঠায় সেটি বিক্রি হয়নি।
এলভিসের বিভিন্ন স্মারক সংগ্রাহক এক ব্রিটিশ নাগরিক তার সংগ্রহের এক চতুর্থাংশ বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিলে নিলামটির আয়োজন করা হয়।
জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় ১৯৭৭ সালের ১৬ অগাস্ট মাত্র ৪২ বছর বয়সে মারা যান সর্বকালের অন্যতম সফল এই সংগীতশিল্পি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এবি/১৪০১ ঘ.
bdnews24