২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউইয়র্ক ও ভার্জিনিয়ায় টর্নেডো

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে শনিবার রাতে বিরল এক টর্নেডো আঘাত হেনেছে। একই সময়ে রাজধানী ওয়াশিংটন ডিসিতে বজ্রপাতসহ আরেকটি টর্নেডো বয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2012, 07:38 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

নিউইয়র্ক, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)-যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে শনিবার রাতে বিরল এক টর্নেডো আঘাত হেনেছে। একই সময়ে রাজধানী ওয়াশিংটন ডিসিতে বজ্রপাতসহ আরেকটি টর্নেডো বয়ে যায়। টর্নেডোর আঘাতে নিউইয়র্কে একটি ভবনের জানালার কাঁচ ভেঙ্গে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ওয়াশিংটন ডিসির ভার্জিনিয়ায় ঝড়ে অন্তত এক লাখ বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শহর দুটিতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও নিউইয়র্ক শহর, নিউজার্সি ও কানেকটিকাট অঙ্গরাজ্যের কিছু অংশে এখনো পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও ঘনবসতিপূর্ণ শহর নিউইয়র্কে টর্নেডো খুবই বিরল ঘটনা। এর আগে শনিবার সকালে উত্তর ভার্জিনিয়া ও মেরিল্যান্ডের মধ্যাঞ্চলে টর্নেডোর পূর্বাভাস দেওয়া হয়। পরে মেরিল্যান্ডের ল্যাঙ্গলি পার্ক ও বাউয়ি এলাকায় ১০ মিনিটের মধ্যে দুটি পৃথক ঝড়ের খবর পাওয়া যায়। ওয়াশিংটন ডিসির ভার্জিনিয়া এলাকায় ঝড়ের পর অন্তত ১ লাখ ৮ হাজার বাড়ি ও বাণিজ্য কেন্দ্র বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে ছিলো। এছাড়া ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া ও মেরিল্যান্ড এলাকায়ও অন্তত ৬০ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে ছিলো। আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ ডেভিড স্টার্ক জানান, নিউইয়র্কের কুইন্সের রকঅ্যাওয়ে পেনিনসুলা এলাকায় ঝড়ো বাতাস ও প্রবল বৃষ্টিপাত শুরু হয়ে ব্রিজি পয়েন্ট এলাকার দিকে সরে যায়। এসময় ঘণ্টায় ৭০ মাইল (১১৩ কিলোমিটার) গতিতে বাতাস বইছিলো। ব্রিজি পয়েন্ট সার্ফ ক্লাবের কর্মী কেইটলিন ওয়ালশ বলেন, আমাদের কার্যালয়ের সব জানালা ভেঙ্গে গিয়ে ভেতরে বৃষ্টির পানিতে ভেসে যায়। পুরো ভবন কাঁপতে থাকে এবং বাতাসে প্রায় সব কিছুই উড়িয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ। বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ক্ষয়ক্ষতি হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে নিউইয়র্ক অগ্নিনির্বাপণ বিভাগ। তবে ব্র“কলিন এলাকায় অনেক গাছপালা উপড়ে যাওয়ার খবর জানিয়েছেন অগ্নিনির্বাপণ বিভাগের এক মুখপাত্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এবি/১৩৩৪ ঘ.