অটোয়া, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কানাডা ইরানে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে। এমনকি পাঁচ দিনের মধ্যে সব ইরানি কূটনীতিককেও কানাডা থেকে বহিস্কার করা হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।
ইরানকে বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি দাবি করে এ পদক্ষেপ নিয়েছে কানাডা।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী জন বেইরড বলেছেন, “কানাডা ও ইরানের কূটনৈতিক সম্পর্ক স্থগিত করা হয়েছে।”
ইরানের পরমাণু কর্মসূচি, ইসরায়েলের সঙ্গে দেশটির বৈরিতা এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ইরানের সামরিক সহযোগিতার বিষয়টি উল্লেখ করে দেশটিকে বিশ্বের জন্য হুমকি বলে মন্তব্য করেন বেইরড।
ইরান বিদেশি কূটনীতিকদের নিরাপত্তাকে প্রকাশ্যেই অগ্রহ্য করছে অভিযোগ করে এক বিবৃতিতে তিনি বলেন, “কানাডা সরকার আজকের দিনে গোটা বিশ্বের শান্তি ও নিরাপত্তায় ইরানকে সবচেয়ে বড় হুমকি হিসাবেই দেখছে।”
“আর এ পরিস্থিতিতে কানাডা আর ইরানে কূটনৈতিক উপস্থিতি বজায় রাখতে পারে না”, বলেন বেইরড।
ইরান পারমাণবিক কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরি করছে বলে আশঙ্কা করছে পশ্চিমা বিশ্ব ও ইসরায়েল। এজন্য দেশটির ওপর কয়েক দফায় অবরোধ আরোপ করেছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১৩ঘ.
bdnews24