বৈরুত, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার রাজধানী দামেস্কে একটি মসজিদের বাইরে শুক্রবার বোমা হামলায় কমপক্ষে ৫ জন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছে, আহত হয়েছে আরো ৬ জন।
দামেস্কের ফিলিস্তিনি শরণার্থী অধ্যুষ্যিত আরেক এলাকায় একই দিনে চলেছে সরকারি বাহিনীর বোমাবর্ষণ। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় অধিবাসীরা।
সিরিয়ায় অর্থনীতির প্রাণকেন্দ্র আলেপ্পোকে ঘিরে এখন মূল লড়াই চললেও বিদ্রোহীরা প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতার কেন্দ্রবিন্দু রাজধানী দামেস্কের সরকারি বাহিনীর ওপরও হামলা চালাচ্ছে।
শুক্রবারের বোমা হামলা সম্পর্কে রাষ্ট্রীয় টিভিতে বলা হয়েছে, দামেস্কের ‘রুকন আল দিন’ এলাকায় একটি মটরসাইকেলে ‘সন্ত্রাসীদের’ পেতে রাখা বোমা বিস্ফোরণ ঘটেছে।
লোকজন জুম্মার নামাজ পড়ে মসজিদ থেকে বেরোনোর সময় তাদের ওপর এ হামলা হয়।
এদিন সিরিয়াজুড়ে লড়াইয়ে সরকারবিরোধীরা ৫৫ জন নিহত হয়েছে বলে দাবি করার পর নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর এ হামলা হল।
দামেস্কের তথ্যমন্ত্রণালয় এবং প্রধান আদালত প্রঙ্গনের মাঝামাঝি এলাকায় একটি গাড়িবোমা বিস্ফোরণও ঘটেছে বলে জানা গেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ওদিকে, ফিলিস্তিনি শরণার্থী এলাকায় সরকারি বাহিনীর গোলা হামলায় অন্তত ১০ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে বলে টেলিফোনে জানিয়েছেন স্থানীয় এক অধিবাসী।
“কতকগুলো পোড়া মৃতদেহ পাওয়া গেছে। কিন্তু মৃতের সঠিক সংখ্যা কত তা কেউই জানে না”, বলেন তিনি।
প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে ১৭ মাসের গণআন্দোলন স¤প্রতি কয়েকমাসে অনেক বেশি রক্তক্ষয়ী হয়ে উঠেছে। বিদ্রোহীরা আসাদের ক্ষমতার কেন্দ্র দামেস্ক এবং আলেপ্পোর পতন ঘটানোর লক্ষ্য নিয়ে লড়ছে।
আসাদ বাহিনীর ট্যাংক, সেনা ও বিমান হামলার পাল্টা জবাব দিচ্ছে বিদ্রোহীরা।
‘সিরিয়ান অবজারভেটরী ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, শুক্রবারের হামলাটি দামেস্কের নিরাপত্তা পাহারা এলাকা লক্ষ্য করেই চালানো হয়েছে।
এতে নিরাপত্তা বাহিনীর ৫ সদস্য নিহত এবং ৬ জন আহত হয়। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/১৮৪৭ঘ.
bdnews24