পাকিস্তান, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে ধর্ম বিদ্বেষের অভিযোগে তিন সপ্তাহ ধরে আটক খ্রিস্টান বালিকা রিমশা মাসিহ’র জামিন মঞ্জুর করেছে আদালত।
তার বয়স ১৪ বছর বলে ধারণা করা হচ্ছে। কোরআনের পাতা পোড়ানোর অভিযোগে ইসলামাবাদে গ্রেফতার করা হয় তাকে। একদল জনতা ওই অভিযোগে তার শাস্তি দাবি করলে রিমশমাকে গ্রেপ্তার করা হয়।
ওদিকে, তার ব্যগে কোরআনের পোড়া পৃষ্ঠাগুলো ঢুকিয়ে দেয়ার অভিযোগে গত সপ্তাহে এক পাকিস্তানি ইমামকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে।
ধর্ম বিদ্বেষের অভিযোগে রিমশাকে গ্রেপ্তারের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে।
পাকিস্তানে ধর্ম বিদ্বেষের অভিযোগে জামিনের আইন না থাকলেও বয়সের তুলনায় রিমশার মানসিক বৃদ্ধি কম হওয়ায় ১০ হাজার ৫০০ মার্কিন ডলারের বিনিময়ে তার জামিন মঞ্জুর করেছেন বিচারক মুহাম্মদ আজম খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৫৬ঘ.
bdnews24