২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ভূমিকম্পে নিহত ৬৪

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলে শুক্রবার ৫ দশমিক ৬ মাত্রার দুটি ভূমিকম্পে কমপক্ষে ৬৪ জন নিহত এবং প্রায় ৭শ’ জন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2012, 09:48 AM

Updated : 25 Apr 2022, 09:42 PM

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলে শুক্রবার ৫ দশমিক ৬ মাত্রার দুটি ভূমিকম্পে কমপক্ষে ৬৪ জন নিহত এবং প্রায় ৭শ’ জন আহত হয়েছে।

ইউনান ও গুইঝোউ প্রদেশের সীমান্তের কাছে সকাল ১১ টা ১৯ মিনিটে প্রথম ভূমিকম্পটি হওয়ার ৪৫ মিনিট পর আরেকটি ভূমিকম্প হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, এতে দেড়শর বেশি মানুষ আহত হওয়া ছাড়াও ২০ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছে ইউনান প্রদেশের ইলিয়াং কাউন্টির লোকজনই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে এবং বেশির ভাগ নিহতের ঘটনাও ঘটেছে এখানেই। গুইঝোউ প্রদেশে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

ভূমিকম্প পরবর্তী প্রায় ৬০ টি পরাঘাতের পর বিকালের দিকে ইউনান প্রদেশ থেকে ১ লাখেরও বেশি মানুষকে অন্যস্থানে সরিয়ে নেওয়া হয়।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখানো হয়, ঘটনার পর হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। এসময় রাস্তায় অনেক ইটের টুকরা ও পাথর ছড়িয়ে থাকতে দেখা যায়।

এছাড়া ভবনগুলো কেঁপে ওঠায় বিভিন্ন কার্যলয় থেকে কর্মীরা দৌড়ে রাস্তায় বেরিয়ে আসে।

ইউনানের ঝাওটং শহরের হোটেল কর্মীরা বিবসিকে জানিয়েছেন, ভূমিকম্পের সময় ভবন কাঁপছিল। এসময় টেবিল ও সেলফের উপর রাখা জিনপত্রগুলোও কাঁপতে থাকে।

ঘটনার সময় লোকজনকে ঘর থেকে বেরিয়ে যেতে বলা হয় এবং রাস্তাঘাটে যানবাহনগুলো থেমে যায় বলে জানিয়েছে তারা। পার্বত্যাঞ্চলগুলোতে ভূমিকম্পের ফলে ভূমিধস হয়েছে।

হতাহতের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। ইউনানের অন্যান্য শহরে কতজন নিহত হয়েছে তা জানেন না বলে জানান ইলিয়াঙের এক সরকারি কর্মকর্তা।

ভূমিধস কবলিত গ্রামগুলোতে উদ্ধারঅভিযান চলছে এবং নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাশিয়ায় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা ফোরামে যোগ দেওয়া চীনের প্রেসিডেন্ট হু জিনতাও ইতোমধ্যেই দেশের ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় ত্রাণ পাঠানোর আহ্বান জানিয়েছেন।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের তাঁবু ও কম্বল বিতরণের ব্যবস্থা করা হয়েছে।

মৃতের সংখ্যা বাড়তে থাকায় প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও দুর্গত এলাকা পরিদর্শন করবেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

ভূমিকম্পে রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধারকর্মীদেরকে পাহাড় বেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে যেতে হচ্ছে।

ওইসব এলাকায় দুর্বল কাঠামোর বাড়িঘর যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা আছে এবং এতে করে মানুষজন চাপা পড়ে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক ফেডারেশন অব রেডক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটিস।