২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফার্ক বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনায় বসছে কলাম্বিয়া

কলাম্বিয়ার মার্কসবাদী রেভুল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলাম্বিয়ার (ফার্ক) বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় বসার জন্য সরকারের প্রতিনিধি দলের ছয় সদস্যের নাম প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মানুয়েল স্যান্তোস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2012, 08:10 AM

Updated : 24 Aug 2022, 12:04 PM

বোগোটা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কলাম্বিয়ার মার্কসবাদী রেভুল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলাম্বিয়ার (ফার্ক) বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় বসার জন্য সরকারের প্রতিনিধি দলের ছয় সদস্যের নাম প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মানুয়েল স্যান্তোস। বুধবার নিজের প্রেসিডেন্সিয়াল প্রাসাদে এক ভাষণে তিনি প্রতিনিধিদের নাম ঘোষণা করেন। এসময় প্রতিনিধি দলের কয়েকজন সদস্য সেখানে উপস্থিত ছিলেন। এ দলে রয়েছেন একজন সাবেক পুলিশ প্রধান, একজন শিল্পপতি, একজন সাবেক সেনা প্রধান, নিরাপত্তা বিষয়ে প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা ও একজন সাবেক পরিবেশমন্ত্রী। প্রায় এক দশক আগে নরওয়েতে বসে ফার্ক বিদ্রোহীদের সাবেক ভাইস প্রেসিডেন্ট উমবার্তো দে লা কাইয়ের নেতৃত্বে সর্বশেষ শান্তি আলোচনায় বসে কলাম্বিয়া সরকার। তবে ওই আলোচনা ব্যর্থ হয়। ভাষণে সান্তোস বলেন, প্রতিনিধি দলের সব সদস্য পর্যাপ্ত অভিজ্ঞতাসম্পন্ন, এবং তারা সবাই বাস্তবসম্মত ও কার্যকর সমাধান খুঁজে পেতে আগ্রহী। লাতিন আমেরিকার সবচেয়ে দীর্ঘ বিচ্ছিন্নতাবাদী এ আন্দোলন সমাপ্ত করার এ উদ্যোগ খুব সহজ হবে না। প্রায় ৫০ বছর ধরে চলে আসা এ যুদ্ধ বন্ধে ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত আলোচনা চলে। সেসময় বিভিন্ন কঠিন শর্ত দেয় ফার্ক এবং সুদীর্ঘ আলোচনার সময়টি নিজেদের পুনর্গঠনে কাজে লাগায় তারা। চার বছর মেয়াদের মাঝামাঝি সময়ে থাকা সান্তোস এ আলোচনা উদ্যোগ নিয়ে বেশ চাপের মুখে রয়েছেন। তবে এখন আর কোনো কৌশলী শর্তে ফার্ক যাবে না বলে মনে করছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে প্রশিক্ষিত এই দক্ষ অর্থনীতিবিদ। ১৯৬৪ সাল থেকে শুরু হওয়া এই বিচ্ছিন্নতাবাদী লড়াইয়ে এ পর্যন্ত কয়েক লাখ মানুষ মারা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪০৭ ঘ.