বেইজিং, সেপ্টেম্বর ৫ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনে সবচেয়ে বড় রাজনৈতিক কেলেঙ্কারির হোতা সাবেক চংকিং পুলিশ প্রধান ওয়াং লিজুনকে কয়েকটি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
কেলেঙ্কারির মুখে পদত্যাগ করা চীনের শীর্ষ রাজনীতিবিদ বো জিলাইয়ের এ সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সরকারপক্ষ ত্যাগ, ক্ষমতার অপব্যবহার এবং ঘুষ নেয়ার অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।
গত ফেব্র“য়ারিতে ওয়াং লিজুনের পালিয়ে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে আশ্রয় নেওয়াকে কেন্দ্র করে ধারাবাহিক কয়েকটি ঘটনার মুখে অপসারিত হন তৎকালীন প্রভাবশালী রাজনীতিবিদ ও চংকিংয়ের কমিউনিস্ট পার্টি প্রধান বো জিলাই।
চংকিং এর পুলিশ প্রধানের পদ থেকে বরখাস্ত হওয়ার কিছুদিন পরই মার্কিন কনস্যুলেটে পালিয়েছিলেন লিজুন। তার এই পলায়নকেই সরকারপক্ষ ত্যাগের শামিল গণ্য করে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া।
এছাড়া, বিরাট অঙ্কের ঘুষ নেওয়ারও অভিযোগ আনা হয়েছে লিজুনের বিরুদ্ধে।
মার্কিন কনস্যুলেটে লিজুন ২৪ ঘণ্টা কাটিয়েছিলেন। পরে সেখান থেকে বেরিয়ে তিনি মার্কিন কূটনীতিক এবং চীনা কর্মকর্তাদেরকে বলেন, তার ধারণা, বো জিলাইয়ের স্ত্রী গু কাইলাই ব্রিটিশ ব্যবসায়ী নেইল হেউড খুনের ঘটনায় জড়িত।
লিজুনের একথার কিছুদিন পরই বো জিলাই বরখাস্ত হন এবং কাইলাইয়ের বিরুদ্ধে হেউডকে খুনের অভিযোগ আনা হয়।
হেউড খুনের ঘটনা তদন্তের দায়িত্ব পালন না করার কারণেও লিজুনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৫৮ঘ.
bdnews24