ওয়াশিংটন, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিট রমনিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপালিকান পার্টির প্রার্থী হিসেবে মনোনোয়ন দেওয়ার পর জনপ্রিয়তা জরিপে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী বারাক ওবামাকে ছাড়িয়ে গিয়েছিলেন তা সাময়িক ছিল।
বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোস এর যৌথ জরিপের ফলাফলে বিষয়টি প্রকাশ পেয়েছে।
জরিপে দেখা যায়, ডেমক্রেটিক প্রেসিডেন্ট ওবামা জনপ্রিয়তায় আবার রমনিকে ছাড়িয়ে গেছেন। শনিবার ওবামার জনপ্রিয়তার সূচক ছিল ৪৪ শতাংশ আর রমনির ৪৩ শতাংশ।
শুক্রবার অনলাইন জরিপে রমনি ওবামা’র থেকে ১ পয়েন্টে এগিয়ে ছিলেন। আর বৃহস্পতিবার ২ পয়েন্টে এগিয়ে ছিলেন।
ফ্লোরিডার টাম্পায় রিপালিকান পার্টির জাতীয় সম্মেলন থেকে রমনিকে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। ওই অনুষ্ঠানটি গণমাধ্যমে ব্যাপক প্রচার পাওয়াকেই রমনির হঠাৎ জনপ্রিয়তা বেড়ে যাওয়ার কারণ বলে মানছেন বিশ্লেষকরা।
ইপসোস এর জরিপকারী জুলিয়া ক্লার্ক বলেন, “রিপাবলিকানদের সম্মেলন চমক সৃষ্টিকারী ছিল না। তুলনামূলকভাবে এটি সাধারণভাবে একটি স্তিমিত সম্মেলন ছিল। তাই জরিপে রমনি’র জনপ্রিয়তার সূচক খুব বেশি উর্ধ্বগামী না হওয়ায় আমি অবাক হইনি।”
পার্টির সম্মেলনে দলীয় মনোনয়ন পাওয়ার পর জরিপে এগিয়ে যাওয়া যুক্তরাষ্ট্রে একটি সাধারণ ব্যাপার। আগামী সপ্তাহে ডেমক্রেট দলীয় সম্মেলন থেকে প্রেসিডেন্ট ওবামা দলীয় প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন পাওয়া পর তার জনপ্রিয়তাও খানিকটা বেড়ে যাবে বলেই প্রচলিত ধারণা।
ডেমক্রেট দলের জাতীয় সম্মেলন নর্থ ক্যারোলাইনার চারলট এ অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১২৪৮ ঘ.
bdnews24