কায়রো, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ার সঙ্কট নিরসনের উপায় খুঁজতে সৌদি আরব, তুরস্ক ও ইরানকে নিয়ে বৈঠকে বসতে চান মিশরের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ কামেল আমর। বৈঠকের জন্য নির্ধারিত দেশগুলোর মধ্যে সিরিয়ার মিত্র ও বিরোধী উভয়পক্ষই আছে। রোববার এ খবর জানিয়েছেন মিশরের কর্মকর্তারা।
১৭ মাস ধরে বিদ্রোহীদের সঙ্গে লড়াইরত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন দিয়ে যাচ্ছে আঞ্চলিক মিত্র দেশ ইরান। অপরদিকে, মিশরসহ সৌদি আরব ও তুরস্ক আসাদের শাসনের অবসান চায়।
চলতি মাসের প্রথম দিকে সৌদি আরবে ইসলামিক দেশগুলোর জোট ওআইসি’র শীর্ষ সম্মেলনে এ বৈঠকের পরিকল্পনা পেশ করেছিলেন মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। বর্তমানে চীন সফররত মুরসি ফিরতি পথে ইরান যাবেন।
এ বিষয়ে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আমর রোশদি বলেন, “এ ধরনের একটি বৈঠক আয়োজনের সম্ভবনা ও তার ফল নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছি।”
তবে বৈঠকটি কবে অনুষ্ঠিত হবে তা তিনি জানাননি।
অপর তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনালাপের সূত্র ধরে মিশরের পররাষ্ট্রমন্ত্রী আমর জানান, “আমরা ইতিমধ্যে তুরস্ক, সৌদি আরব ও ইরানের সঙ্গে যোগাযোগ করেছি।”
মিশরে প্রেসিডেন্ট মুরসির মুখপাত্র ইয়াসির আলি জানান, বৈঠকের জন্য নির্ধারিত দেশগুলোর সিরিয়ার ওপর “প্রকৃত প্রভাব” আছে। তিনি বলেন, “সিরিয়া সঙ্কটের কোন অংশ নয় ইরান, বরং সঙ্কট নিরসনে দেশটির ভূমিকা রাখতে পারে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৫৭ ঘ.
bdnews24