২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দামেস্কে সামরিক হেলিকপ্টার ভূপাতিত

সিরিয়ার সশস্ত্র বিদ্রোহীরা রাজধানী দামেস্কে একটি সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করার দাবি করেছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কথা জানিয়েছে। তবে তা গুলিতে ভূপাতিত হয়েছে কিনা সে সম্পর্কে কিছু বলেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2012, 10:12 AM

Updated : 24 Aug 2022, 12:00 PM

ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- সিরিয়ার সশস্ত্র বিদ্রোহীরা রাজধানী দামেস্কে একটি সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করার দাবি করেছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কথা জানিয়েছে। তবে তা গুলিতে ভূপাতিত হয়েছে কিনা সে সম্পর্কে কিছু বলেনি। বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মি জানায়, উত্তর-পূর্বাঞ্চলীয় জোবার এলাকায় সেনাবাহিনীর ওই হেলিকপ্টারটি থেকে লোকজনের ওপর গুলি চলছিল। পরে এটি কাবুন এলাকায় বিধ্বস্ত হয়েছে। গুলিবিনিময়ের সময় গুলি লেগে হেলিকপ্টারটি আগুন ধরে বিধ্বস্ত হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। সরকারবিরোধী আন্দোলনকর্মীদের ভিডিও ফুটেজে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে ভূপাতিত হতে দেখা গেছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন কুবানের আল-গুফরান মসজিদের কাছে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করেছে। তবে এ ব্যাপারে তারা আর কিছু জানায়নি। দামেস্কের শহরতলী বিদ্রোহীদের কাছ থেকে পুনর্দখলের অভিযানে এ হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছিল বলেই ধারণা করা হচ্ছে। এর আগে ১৩ অগাস্ট দির আল জোর এ সামরিক অভিযানে নিয়োজিত সিরিয়া বাহিনীর একটি মিগ-২৩ জঙ্গি বিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছিল বিদ্রোহীরা। সরকারি বাহিনী রোববার দামেস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহরতলী দারায়ায় ৩শ’রও বেশি মানুষকে হত্যা করেছে বলে জানিয়েছে বিদ্রোহীরা । বাড়িতে বাড়িতে এবং বাড়ির বেজমেন্টে এসব লাশ পাওয়া গেছে। সেনারা তল্লাশি অভিযান চালানোর সময় নির্বিাচরে তাদেরকে হত্যা করেছে। সিরিয়া সরকার এ হত্যাকাণ্ডকে ‘অবশিষ্ট সন্ত্রাসী নিধন’ অভিযান বলে অভিহিত করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/১৫৫৯ঘ.