ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনের মাল্টিমিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত একটি সেতুর অংশবিশেষ ভেঙে পড়ায় ৩ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে ৫ জন।
গত নভেম্বরে সেতুটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
চীনের হেইলঙজিয়াঙ্গ প্রদেশের হারবিন শহরে এই দুর্ঘটনাটি ঘটে। দেশটির সিনহুয়া সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়।
চারটি পূর্ণবোঝাই লরিসহ সেতুটি ভেঙ্গে নিচে পড়ে গেছে।
লরিগুলোতে অতিরিক্তি মালামাল থাকায় এবং দুর্বল নির্মাণ সামগ্রী দিয়ে সেতুটি নির্মাণ করায় এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
কর্মকর্তারা জানিয়েছে, লরিগুলো অতিরিক্ত বোঝাই ছিল কি না তা খতিয়ে দেখা হবে।
সাড়ে ৯ মাইল দৈর্ঘ্যরে ওই সেতুটি সাঙ্গহুয়া নদীর ওপর দিয়ে নির্মিত হয়েছে। মাত্র ৯ মাস আগে এর নির্মাণ কাজ শেষ হয়।
এটি নির্মাণে ব্যয় হয়েছে ২৮ কোটি ৬০ লাখ ডলার। সেতুটির ১শ’ মিটার দৈর্ঘ্যরে একটি অংশ ভেঙে পড়েছে।
২০১১ সাল থেকে চীনে এ পর্যন্ত ৬টি বড় ধরনের সেতু ভেঙ্গে পড়ার ঘটনা ঘটলো।
লরিগুলো খাদ্যদ্রব্য ও পাথর বহন করছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২০৭ ঘ.
bdnews24