ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাঈফ আল-ইসলাম গাদ্দাফিকে সেপ্টেম্বরে সেদেশে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।
লিবিয়ার জিনতান শহরে তার বিচার হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীর এক মুখপাত্র। গত বছর নভেম্বরে ওই শহরেই তাকে আটক করা হয়েছিল।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) জানিয়েছে, তারা বিষয়টি শুনেছেন, কিন্তু লিবিয়া আনুষ্ঠানিকভাবে তাদের কিছু জানায়নি। মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে সাঈফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি।
ওদিকে, সাঈফ আল-ইসলামও চান তার বিচার হেগের আন্তর্জাতিক আদালতেই হোক।
বিবিসি জানিয়েছে, মানবাধিকার কর্মীরা আশঙ্কা করছে সাঈফ লিবিয়ায় দোষী সাব্যস্ত হলে তাকে মৃত্যুদণ্ড দেয়া হতে পারে।
গত বছর গণঅভ্যুত্থানে কর্ণেল গাদ্দাফির পতন ও মৃত্যুর আগ পর্যন্ত ভাবা হতো সাঈফ আল-ইসলামই হতে যাচ্ছেন লিবিয়ার পরবর্তী শাসক।
৪২ বছর ধরে কর্ণেল গাদ্দাফি লিবিয়ার একনায়ক হিসাবে দেশ শাসন করেছেন। গত বছর অক্টোবরে বিদ্রোহীদের হাতে ধরা পড়ার পর তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৫২ঘ.
bdnews24